অস্ত্র জমা দিতে এসে গুলিতে কনস্টেবল আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে গত শনিবার রাতে থানায় অস্ত্র জমা দিতে গিয়ে গুলিতে আহত হয়েছেন পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন (২৮)।

আহত পুলিশ ও থানা সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর জেলা পুলিশ লাইন থেকে গত শুক্রবার রাতে আনোয়ার হোসেন সরিষাবাড়ীর পোগলদিঘা ইউনিয়নে দায়িত্ব পালন করতে যান। শনিবার নির্বাচনী দায়িত্ব পালন শেষে রাতে আনোয়ার হোসেন নিজের কাছে থাকা শটগানটি সরিষাবাড়ী থানায় জমা দিতে যান। এ সময় অসাবধানতায় ট্রিগারে আঙুলের চাপ পড়লে অস্ত্র থেকেগুলি বের হয়ে আনোয়ারের ডান পায়ের পাতায় বিদ্ধ হয়। আনোয়ারকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আনোয়ার হোসেন বলেন, ‘হঠাৎ ট্রিগারে আঙুল লেগে যাওয়ায় একটি গুলি বের হয়। গুলিটি আমার ডান পায়ের একটি আঙুল বিচ্ছিন্ন করে ফেলে।’ সরিষাবাড়ী থানার এসআই আছমা বেগম বলেন, কনস্টেবল আনোয়ার হোসেন অস্ত্র জমা দিতে এলে সেই অস্ত্রের গুলিতে গুরুতর আহত হন।