অস্ত্র জমা দিয়ে দস্যু জীবনের ইতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সুন্দরবনের বনদস্যু নাসির বাহিনীর সদস্য হাকিম ওরফে মিলন হোসেন ওরফে পাগলা রতন একটি একনলা বন্দুক ও গুলিসহ গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে আত্মসমর্পণ করেছেন।তিনি হবিগঞ্জ জেলা সদরের আবদুল মতিনের ছেলে ও সুন্দরবনের বনদস্যু নাসির বাহিনীর দ্বিতীয় প্রধান। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদুল আলম জানান, মিলন হোসেন স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে একটি একনলা বন্দুক ও ছয়টি গুলিসহ তাঁর কাছে আত্মসমর্পণ করেছেন। পরে তিনি তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান বলেন, অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে মিলন হোসেনকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।মিলন হোসেন জানান, তিনি সুন্দরবনে মাছ শিকার করতেন। দুই বছর আগে নাসির বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে তাঁকে অপহরণ করে। কিন্তু কেউ মুক্তিপণ দিয়ে তাঁকে ছাড়িয়ে নিতে না আসায় তিনি ওই দলের সঙ্গে থেকে যান। একপর্যায়ে তিনি বাহিনীপ্রধানের আস্থাভাজন হয়ে ওঠায় তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হয়। এরপর তিনি নাসির বাহিনীর ৩০ সদস্যের একজন হিসেবে দস্যুতার কাজ করতে থাকেন।সম্প্রতি বনজীবীদের অতিরিক্ত নির্যাতন ও টাকার ভাগাভাগি নিয়ে বাহিনীপ্রধান নাসিরের সঙ্গে তাঁর বিরোধ শুরু হয়। এ সময় তিনি সিদ্ধান্ত নেন দস্যুজীবন ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে যাবেন। সুযোগ খুঁজতে থাকেন কীভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসা যায়। একপর্যায়ে বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে একটি একনলা বন্দুক ও ৩০টি গুলি নিয়ে তাদের আস্তানা সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া কনচির খাল থেকে পালিয়ে আসেন।