অস্ত্র ঠেকিয়ে ২০ লাখ টাকা ছিনতাই পুলিশকেও গুলি
ব্যস্ত রাজপথে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গতকাল শনিবার এক ব্যক্তির ২০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ঠেকানোর চেষ্টা করলে এক ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে গুলি করে ছিনতাইকারীরা। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়।
অন্যদিকে রাজধানীর বুয়েট এলাকায় গতকাল এক ব্যবসায়ীকে গুলি করে তাঁর মোটরসাইকেল ছিনতাই করে দুর্বৃত্তরা। পরে অবশ্য মোটরসাইকেলটি ফেলে যায় তারা।
২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনাটি ঘটে রাজধানীর রাজারবাগ এলাকায় পুলিশের টেলিকম ভবনের সামনে। ছিনতাইয়ের শিকার গিয়াসউদ্দিন খিলগাঁও এলাকার ‘বিকাশ’-এর পরিবেশক। ঘটনার পর তিনি মতিঝিল থানায় অজ্ঞাতনামা লোকজনকে আসামি করে একটি মামলা করেন।
প্রত্যক্ষদর্শী ও গিয়াসউদ্দিনের বরাত দিয়ে মতিঝিল থানার পুলিশ জানায়, গতকাল সকাল পৌনে ১০টার দিকে গিয়াসউদ্দিন খিলগাঁও থেকে মোটরসাইকেলে করে ২০ লাখ টাকা নিয়ে ব্র্যাক ব্যাংকের মতিঝিল শাখায় জমা দিতে যাচ্ছিলেন। রাজারবাগ টেলিকম ভবনের সামনে পৌঁছালে অপর একটি মোটরসাইকেলে করে আসা তিন যুবক তাঁর গতি রোধ করে। ওই যুবকেরা তাঁর মাথায় অস্ত্র ঠেকিয়ে টাকাভর্তি হাতব্যাগ ছিনিয়ে নিয়ে মতিঝিল টিঅ্যান্ডটি কলোনির দিকে চলে যায়।
গিয়াসউদ্দিন প্রথম আলোকে বলেন, ছিনতাইকারী তিন যুবকের মুখে রুমাল বাঁধা ছিল। প্রত্যেকের হাতেই অস্ত্র ছিল। তাঁর মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন ভাইপো রতন মিয়া। তাঁকেও অস্ত্র ঠেকায় দুর্বৃত্তরা।
গিয়াসউদ্দিন বলেন, তিনি দুই বছর ধরে খিলগাঁও এলাকায় বিকাশের পরিবেশক হিসেবে কাজ করছেন। ছিনতাই হওয়া টাকার মধ্যে সাত-আট লাখ টাকা ব্যবসায়ীদের। বাকি টাকা তাঁর নিজের। প্রায়ই তিনি ভাইপো রতনকে নিয়ে ব্যাংকে টাকা জমা দিতে যান।
মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, আগে থেকেই অনুসরণ করে ছিনতাইকারীরা টেলিকম ভবনের সামনে গিয়াসউদ্দিনের গতি রোধ করে। তিনি বলেন, একজন ট্রাফিক পুলিশ আটকানোর চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। কিন্তু তিনি সরে যাওয়ায় রক্ষা পান। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত যুবকদের খোঁজার চেষ্টা করছে। বিভিন্ন স্থানে অভিযান চলছে। অচিরেই অপরাধীদের গ্রেপ্তার করা হবে।