অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, ‘সত্য’ জেনে ছেড়ে দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলার মানচিত্র।
প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে মারধর করে সিএনজিচালিত অটোরিকশাচালককে অস্ত্রসহ পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে এক চেয়ারম্যানের বিরুদ্ধে। তাঁর নাম মো. ইয়াসিন।

তিনি শেখেরখীল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। পরে পুলিশ অটোরিকশাচালক নুরুল কাদেরকে (৫০) থানা থেকে ছেড়ে দেন। গতকাল বুধবার রাতে মুক্তি পেয়ে তিনি আজ বৃহস্পতিবার বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নুরুল কাদেরের সঙ্গে তাঁর প্রতিবেশীর জমি নিয়ে বিরোধের ঘটনা বহুদিনের। ওই ঘটনার সালিসি বৈঠক নিয়ে চেয়ারম্যান মো. ইয়াসিনের সঙ্গেও দ্বন্দ্ব হয় তাঁর। এর জের ধরে গতকাল বুধবার বিকেলে একটি চা-দোকান থেকে মারধর করে তাঁকে বের করে দেন চেয়ারম্যানের লোকজন। পরে সিএনজিতে করে তাঁকে নাপোড়া-শেখেরখীল উচ্চবিদ্যালয়ের সামনে চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে নিয়ে যান তাঁরা। তাঁর হাতে একটি দেশীয় এলজি ও পাঁচ রাউন্ড গুলি দিয়ে ছবি তোলেন এবং পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশি তদন্তে ঘটনাটির সত্যতা না পেয়ে রাতে ছেড়ে দেওয়া হয় নুরুল কাদেরকে। অসুস্থ হয়ে পড়ায় থানা থেকে মুক্তি পেয়ে তিনি আজ বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ অস্ত্রসহ নুরুলকে গ্রেপ্তার করে। কিন্তু প্রাথমিকভাবে সত্যতা না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

ওসি আরও বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষে অভিযোগ করা হলে আইনগত সহায়তা দেওয়া হবে।

অটোরিকশাচালক নুরুল কাদের বলেন, তাঁকে যাঁরা মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন তাঁদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন, যাতে নিরীহ কেউ এ রকম ঘটনার শিকার না হন।

জানতে চাইলে শেখেরখীল ইউপি চেয়ারম্যান মো. ইয়াসিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘নুরুল কাদেরের সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই। উল্টো অটোরিকশাচালক আমাকে গুলি করতে গেলে ভাগ্যক্রমে বেঁচে যাই। স্থানীয় লোকজন তাকে ধরে পুলিশে দিয়েছে।’