অস্ত্র দিয়ে যুবককে ফাঁসানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় রাজু আহমেদ (২৭) নামের এক যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি দৌলতপুর উপজেলার আল্লারদর্গা গ্রামের খন্দকার মতিউর রহমানের ছেলে। র‌্যাব-১২ কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, শুক্রবার রাত একটার দিকে র‌্যাব কুষ্টিয়া ক্যাম্পের একটি দল আল্লারদর্গা গ্রামের রাজু আহমেদের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দেশীয় তিনটি রামদাসহ হাতেনাতে তাঁকে আটক করে। রাজুর ভাই সোহেল রানা বলেন, ‘রাত একটার দিকে বাড়ির সবাই ঘুমিয়েছিল। এমন সময় র‌্যাবের দুটি গাড়ি বাড়ির সামনে আসে। র‌্যাবের ১৫-২০ জন সদস্য বাড়ির ভেতর প্রবেশ করেন। আমাকে ঘর থেকে বের করে নাম জিজ্ঞেস করেন এবং বলেন, “তোর ভাই কোথায়?” ঘর দেখানোর পরপরই র‌্যাবের এক সদস্য ভাইয়ের ঘরের দরজা লাথি দিয়ে ভেঙে ফেলেন। ভেতর থেকে রাজুকে বের করে হাত ও মুখ বেঁধে চেয়ারে বসিয়ে রাখেন। এই ফাঁকে র‌্যাবের সদস্যরা ঘরের ভেতর রাজুর ব্যবহূত একটা প্যান্টের পকেটে পিস্তল ঢুকিয়ে বাইরে নিয়ে আসেন। কিছু বলতে গেলে মেরে ফেলার হুমকি দেন র‌্যাবের সদস্যরা।’ সোহেল রানা অভিযোগ করেন, এক প্রতিবেশীর সঙ্গে তাঁদের জমিজমা নিয়ে বিরোধ চলছে। ওই প্রতিবেশী র‌্যাবকে ব্যবহার করে ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিয়েছেন।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, রাজুর বিরুদ্ধে থানায় মামলা বা মৌখিক কোনো ধরনের অভিযোগ নেই। এলাকায় প্রতিবেশী একজনের সঙ্গে জমিজমা নিয়ে রাজুর বিরোধ ছিল। সকালে এলাকাবাসী জানান, তাঁকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে।কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পের কমান্ডার মাসুদুর রহমান ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করার কথা স্বীকার করে তিনি বলেন, ‘রাজু এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত জেনেছি। তবে এই অস্ত্রটা সম্প্রতি ভারত থেকে তিনি এনেছেন। এ জন্য তাঁকে থানায় দেওয়া হয়েছে। প্রতিবেশী যাঁর সঙ্গে রাজুর বিরোধ তিনিও ভালো না।’