অস্ত্র দেওয়া হয়েছে হাডুডু খেলার জন্য?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগকে ‘সস্তা প্রচারণা’ হিসেবে আখ্যায়িত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।
গতকাল রোববার খুলনায় র‌্যাব-৬-এর কার‌্যালয়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বেনজীর আহমেদ বলেন, ‘তাহলে বিচার-অন্তর্ভুক্ত হত্যাকাণ্ড কোনটি?’ এর পরই তিনি এর ব্যাখ্যায় বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড একটি সস্তা প্রচারণা। একটি বিশেষ মহল এই প্রচারণার সঙ্গে যুক্ত। তিনি আরও বলেন, ‘অপরাধীরা অপরাধ করবে আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা চেয়ে চেয়ে দেখবে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কি অস্ত্র দেওয়া হয়েছে হাডুডু খেলার জন্য?’
অবরোধ কর্মসূচির নামে বিএনপি নাশকতা চালাচ্ছে—অভিযোগ করে এটি প্রতিরোধে র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়তার সঙ্গে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন বেনজীর আহমেদ। এ ছাড়া নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় কয়েকজন র‌্যাব সদস্যের সম্পৃক্ততার অভিযোগ উঠলেও তাতে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, কারও ব্যক্তিগত অন্যায়ের দায় র‌্যাব বহন করবে না। বর্তমানে র‌্যাবে কোনো সংকট নেই।
এ সময় আরও উপস্থিত ছিলেন র‌্যাব-৬-এর কমান্ডিং অফিসার লে. কর্নেল এনামুল আরিফ, খুলনার বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, জেলা প্রশাসক মোস্তফা কামাল, ডিআইজি এম এম মনিরুজ্জামান ও পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি।