অস্ত্র নির্মাণের অর্থ শিক্ষা খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমরাস্ত্র নির্মাণে যে শত শত কোটি ডলার ব্যয় হচ্ছে তা গুণগত শিক্ষায় বিনিয়োগের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল বুধবার জাতিসংঘ সদর দপ্তরে ট্রাস্টিশিপ কাউন্সিলে জাতিসংঘ মহাসচিবের ‘গ্লোবাল এডুকেশন ফার্স¡ ইনেশিয়েটিভ(জিইএফআই)’ শীর্ষক উচ্চপর্যায়ের এক আলোচনা সভায় এই আহ্বান জানান। খবর বাসসের।
সমরাস্ত্র নির্মাণ ও সহিংসতায় যে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হয়, তা শিক্ষা খাতে স্থানান্তরের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, শান্তি ও সহিংসতামুক্ত সংস্কৃতি গড়তে আমরা সবাই মিলে গুণগত শিক্ষায় বিনিয়োগ করি।’
‘ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কারণে ফিলিস্তিনের গাজা শহরের লাখ লাখ শিশু স্কুলে যেতে পারছে না’ বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করে তিউনিশিয়ার প্রেসিডেন্ট মনসেপ মারজুকির দেওয়া এই বক্তব্যের সমর্থনে প্রধানমন্ত্রী বলেন, গাজা পরিস্থিতি গ্রহণযোগ্য হতে পারে না। গাজায় সংঘটিত ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে সবার সোচ্চার হতে হবে।
‘গুণগত শিক্ষার জন্য প্রথমে চাই মানসম্পন্ন শিক্ষক’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার গুণগত শিক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষা প্রদানে প্রায় ১০ লাখ মাধ্যমিক শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছে। কর্মদক্ষতার ভিত্তিতে শিক্ষকদের মূল্যায়ন হচ্ছে। এ জন্য প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিত নারীদের মধ্য থেকে ৬০ শতাংশ শিক্ষক নেওয়া হচ্ছে।
শেখ হাসিনা বলেন, গুণগত শিক্ষার জন্য তথ্য-প্রযুক্তিভিত্তিক বিষয়গুলো অন্তভুর্ক্ত করা জরুরি। এ জন্য বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে তথ্য-প্রযুক্তিভিত্তিক বিষয় বাধ্যতামূলক করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাঁর সরকার ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে প্রযুক্তি জ্ঞানসমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষা খাতে একটি মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করছে।