অস্ত্র নয়, মনের জোরে লড়েছি
‘অস্ত্রের শক্তি নয়, আমাদের মনের শক্তি ছিল অনেক বেশি। এই শক্তির জোরেই আমরা যুদ্ধ করে জয় লাভ করেছি।’
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে প্রতিরোধকারী মুক্তিযোদ্ধা পুলিশের সদস্য শাহজাহান মিয়া প্রথম আলোর সঙ্গে একান্ত আলাপচারিতায় কথাগুলো বলছিলেন।
রাজারবাগ থেকে শুরু হয়েছিল পুলিশের মুক্তিযুদ্ধ। সেখানে এখন পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘর। সেই জাদুঘরে বসেই শাহজাহান মিয়ার সঙ্গে কথা হচ্ছিল।
প্রতিরোধযুদ্ধ শুরুর আগে শাহজাহান মিয়া দেশের সব পুলিশ স্টেশনে ওয়্যারলেসে জানিয়ে দিয়েছিলেন, ‘বেইজ ফর অল স্টেশন্স, ভেরি ইমপর্টেন্ট মেসেজ। প্লিজ কিপ নোট। বেইজ ফর অল স্টেশনস অব ইস্ট পাকিস্তান পুলিশ। কিপ লিসেন, ওয়াচ। উই আর অলরেডি অ্যাটাক্ট বাই পাক আর্মি। ট্রাই টু সেভ ইয়োরসেলফ। ওভার অ্যান্ড আউট।’
যে ওয়্যারলেসে সেদিন এই ঘোষণা দিয়েছিলেন শাহজাহান মিয়া, সেটি এখন রাজারবাগে পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। সংরক্ষণ করা হয়েছে সেই বার্তা। আছে তরুণ শাহজাহান মিয়ার একটি ছবিও। ওয়্যারলেসটি দেখিয়ে সেদিনের স্মৃতিচারণা শুরু করেন তিনি।
শাহজাহান মিয়া বলেন, ট্যাংক, মর্টার, ও হেভি মেশিনগান নিয়ে এসেছিল হানাদাররা। অস্ত্রাগার ভেঙে শুধু থ্রি নট থ্রি নিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন পুলিশের বীর সদস্যরা। রাত সাড়ে ১১টার দিকে পাকিস্তানি সেনারা পুলিশ লাইনস ঘিরে ফেলে। দিবাগত রাত ১২টা থেকে শুরু হয় ভয়াবহ প্রতিরোধ যুদ্ধ। পুলিশের ব্যারাকে আগুন দিয়ে গুলি করতে থাকে পাকিস্তানি সেনারা। সেদিন রক্তে ভেসে গিয়েছিল পুরো রাজারবাগ। সকাল হওয়ার আগেই সেনাবাহিনীর আট-দশটা ট্রাকে করে সেসব লাশ সরিয়ে ফেলা হয়। রাজারবাগ থেকে পালাতে পারেনি—এমন দেড় শ জনকে বন্দী করা হয়।
২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সেনাবাহিনীর ‘অপারেশন সার্চলাইট’ নামের সামরিক অভিযানের তিনটি লক্ষ্যবস্তুর একটি ছিল রাজারবাগ পুলিশ লাইনস। তবে সেখানে প্রথম পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধের মুখে পড়তে হয়।
পুলিশ লাইনসের ওই সময়কার বেতার অপারেটর শাহজাহান মিয়া বলেন, ‘বিভিন্ন মাধ্যমে আমরা আভাস পাই, ২৫ মার্চ রাজারবাগ পুলিশ লাইনসে আক্রমণ হতে পারে। আমি তখন ওয়্যারলেস বেইজ স্টেশনের দায়িত্বে। তেজগাঁও পেট্রলপাম্প থেকে রাত ১০টার দিকে একটি বার্তা আসে। এতে বলা হয়, পাকিস্তানি সেনাভর্তি ৩৭টি ট্রাক নগরের দিকে অগ্রসর হচ্ছে। আমরা তখনই প্রতিরোধ যুদ্ধের প্রস্তুতি নিই।’
শাহজাহান মিয়া বলেন, রাত সাড়ে ১১টার দিকে পাকিস্তানি বাহিনী রাজারবাগ ঘিরে ফেলে। তিনি ওয়্যারলেসে সারা দেশে এই আক্রমণের খবর জানিয়ে আত্মরক্ষার জন্য সবাইকে তৈরি হতে বলেন। রাত ১১টা ৩৫ মিনিটে রাজারবাগের পুলিশের সদস্যরা অস্ত্রাগারের ঘণ্টা পিটিয়ে সবাইকে সতর্ক ও একত্র করেন। অস্ত্রাগারের তালা ভেঙে সব পুলিশ সদস্যদের মধ্যে অস্ত্র ও গুলি বিতরণ করা হয়। রাত ১১টা ৪০ মিনিটে পাকিস্তানি বাহিনীর গাড়ি পুলিশ লাইনসের ফটকে এসে পৌঁছায়। ব্যারাকের ছাদে অবস্থানরত পুলিশের সদস্যরা পাকিস্তানি বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়েন।
শাহজাহান মিয়া বলেন, দিবাগত রাত ১২টায় পাকিস্তানি সেনারা একটু থমকে যায়। পরবর্তী সময়ে তারা ট্যাংক, মর্টার ও হেভি মেশিনগান দিয়ে গুলিবর্ষণ শুরু করে। তাদের ভয়াবহ আক্রমণে পুলিশের চারটি ব্যারাকে আগুন ধরে যায়। পুলিশ সদস্যদের একটি অংশ আগুন ও বেপরোয়া গুলি থেকে বাঁচতে ছোটাছুটি শুরু করে। পাকিস্তানি বাহিনী তখন গুলি করে পুলিশ সদস্যদের হত্যা করতে থাকে। এদিকে পুলিশ সদস্যদের গুলি শেষ হয়ে যেতে থাকলে তাঁরা কৌশল পরিবর্তন করে গেরিলা পদ্ধতিতে আক্রমণ চালান। অন্যরা তখন মালিবাগ, চামেলীবাগ দিয়ে ঢাকা শহরের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন।
শাহজাহান মিয়া বলেন, রাত পৌনে ১২টা থেকে শুরু হওয়া প্রতিরোধ যুদ্ধ চলে রাত সাড়ে তিনটা পর্যন্ত। অভিযান শেষে পরদিন ভোরে পাকিস্তান সেনাবাহিনীর নিয়ন্ত্রণকক্ষ থেকে ওয়্যারলেসে রাজারবাগে নিহত ব্যক্তির সংখ্যা জানতে চাওয়া হয়। উত্তরে বলা হয়, গণনা শেষ হয়নি। তবে সংখ্যা অনেক।
ভয়াল সেই রাতের স্মৃতিচারণা করে শাহজাহান মিয়া বলেন, পাকিস্তানিরা বিদ্যুতের লাইন কেটে দিয়েছিল। জেনারেটর চালু করতে গিয়েও পারা যায়নি। প্রচণ্ড গোলাগুলিতে রাজারবাগে আগুনের ফুলকি উড়তে থাকে। এ সময় চারতলার ছাদে আশ্রয় নেন তিনি। একটা থ্রি নট থ্রি নিয়ে লড়াই চালিয়ে যান। ফজরের আজান পর্যন্ত তিনিসহ ১০০ জনের মতো পুলিশ সদস্য লড়াইয়ে টিকে ছিলেন। ভোর পাঁচটার দিকে তাঁদের ঘিরে ফেলে বন্দী করা হয়।
সেদিন রাজারবাগে পুলিশের কতজন সদস্য শহীদ হয়েছিলেন, জানতে চাইলে শাহজাহান মিয়া বলেন, ভোরের দিকে পাকিস্তানি সেনারা আট-দশটি ট্রাকে করে লাশ বের করে নিয়ে যায়। তাঁর ধারণা, অন্তত দেড় শ-জন পুলিশ সদস্য শহীদ হয়েছিলেন। আর তিনিসহ দেড় শ-জনরে মতো বন্দী হয়েছিলেন।
শাহজাহান মিয়া বলেন, তাঁরা রাজারবাগে তিন দিন বন্দী ছিলেন। তাঁদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। ২৮ মার্চ বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় পুলিশ সুপার ই এ চৌধুরীর জিম্মায় মুক্তি পান তিনি। পরে নেত্রকোনার কেন্দুয়ার বাট্টা গ্রামের বাড়িতে পৌঁছান। সেখান থেকে ফের মুক্তিযুদ্ধে যোগ দেন।
শাহজাহান মিয়া বলেন, বাড়িতে আসার পর তাঁর মনের ভেতর যুদ্ধ চলছিল। মা-বাবার টান। ঘরে নতুন বউ। অন্যদিকে, সহকর্মীদের রক্তের ঋণ আর বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক।
শাহজাহান মিয়া বলেন, দুই ভাইকে সঙ্গে নিয়ে ১০ এপ্রিল ভারতে যান। মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের দায়িত্ব পান তিনি। পরে ৫ ডিসেম্বর এক যুদ্ধে আহত হন।
শাহজাহান মিয়া বলেন, ‘আজকে যখন স্বাধীন বাংলাদেশের পতাকা দেখি, তখন মনে হয়, এই পতাকার পেছনে কত সহকর্মীর রক্ত আছে। চোখটা ভিজে আসে। আবার এই ভেবে গর্ব হয়, দেশটা তো আমরা স্বাধীন করেছি। এর চেয়ে বড় পাওয়া আর কী আছে?’