অস্ত্র বহনকারী সেই জাহাজ শনাক্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র বহনকারী সেই জাহাজটির রহস্য উদ্ঘাটিত হয়নি ১০ বছরেও। মামলার তদন্ত, সাক্ষ্য, জেরায়ও জাহাজটির কূলকিনারা মেলেনি। তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান চৌধুরী আদালতে সাক্ষ্যদানকালে জাহাজটি শনাক্ত না হওয়ার কথা স্বীকার করেন।

আদালত ২০০৮ সালের ২০ জানুয়ারি সাতটি ত্রুটি চিহ্নিত করে মামলার অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছিলেন। ত্রুটিগুলোর অন্যতম হলো, অস্ত্র বহনকারী জাহাজটিকে শনাক্ত করতে না পারা। তদন্ত কর্মকর্তার দাবি, ঘটনার অনেক পরে অধিকতর তদন্ত শুরু হওয়ায় অস্ত্রবাহী জাহাজটিকে শনাক্ত করা যায়নি।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সময়ক্ষেপণ করা হয়। অধিকতর তদন্ত ঘটনার ছয় বছর পর শুরু হওয়ায় জাহাজটি শনাক্ত করা যায়নি। তবে একজন তদন্ত কর্মকর্তা বঙ্গবোরাক নামের একটি জাহাজের খোঁজ পেলেও তদন্তে সত্যতা পাওয়া যায়নি।

পিপি আরও বলেন, জাহাজটিকে শনাক্ত করা না গেলেও অস্ত্রগুলো চীন থেকে আনা হয়েছে, তা তদন্তে বেরিয়ে এসেছে। আদালত যে সাতটি ত্রুটি চিহ্নিত করে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছিলেন, তার মধ্যে ছয়টি ত্রুটি চিহ্নিত হয়েছে তদন্তে। ইতিমধ্যে যে সাক্ষ্যপ্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে, তাতে জড়িত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে।

আদালত আরও কিছু ত্রুটির কথা উল্লেখ করে অধিকতর তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশনায় বলা হয়, অস্ত্র ও গোলাবারুদ কারা, কোন দেশ থেকে এনেছে এবং দেশের অভ্যন্তরে কার কাছে হস্তান্তরের কথা ছিল, তা তদন্ত প্রতিবেদনে উল্লেখ নেই। আটক অস্ত্র চট্টগ্রাম বন্দর দিয়ে এলেও কোন জাহাজে তা এসেছে এবং ওই দিন বহির্নোঙরে কোন জাহাজ ছিল এবং এগুলোর ঘোষণা কী ছিল, একইভাবে সিঙ্গাপুর ত্যাগ করার আগে সে দেশের কাস্টমসের ঘোষণা কী ছিল এ সম্পর্কে প্রতিবেদনে কিছু উল্লেখ নেই। তাই এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।

মামলার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী বলেন, মামলার অন্যতম আসামি হাফিজুর রহমান সেন্ট মার্টিন থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে একটি মাদার ভ্যাসেল থেকে ট্রলারে অস্ত্রগুলো খালাস হয়েছে দাবি করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। কিন্তু জাহাজটির নাম বলতে পারেননি। তদন্ত কর্মকর্তা বলেন, ‘উপকূল রক্ষীবাহিনী পূর্ব অঞ্চলের ২৭ কর্মকর্তা এবং নৌবাহিনীর ফ্রিগেট বিএনএস-ওসমানের দায়িত্বে থাকা ২১ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করি। কিন্তু অস্ত্র পরিবহনকারী মাদার ভ্যাসেলের সন্ধান পাওয়া যায়নি।’

সম্পূরক অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, তদন্ত কর্মকর্তা ইসমাইল হোসেন চট্টগ্রাম বন্দরের জাহাজের আগমন ও প্রস্থানের লগশিট সংগ্রহ করেন। এটি পর্যালোচনায় দেখা যায়, বঙ্গবোরাক নামক বাংলাদেশি জাহাজ মালামাল নিয়ে ২০০৪ সালের ৩০ মার্চ ২৩টা তিন মিনিটে বহির্নোঙরে আসে এবং ১ এপ্রিল নয়টা ৩০ মিনিটে বন্দরে জেটি নং ১০-এ অবস্থান করে মালামাল খালাস করে। এ ছাড়া কে কেটইয়া নামক অন্য একটি জাহাজ ১ এপ্রিল বহির্নোঙরে আগমন করে এবং ৪ এপ্রিল চট্টগ্রাম ত্যাগ করে। অন্য জাহাজগুলো অস্ত্র উদ্ধারের পর বহির্নোঙরে আগমন করে।

বঙ্গবোরাক নামের জাহাজটিকে তদন্ত কর্মকর্তা ইসমাঈল হোসেনের সন্দেহ হয়। তিনি পরে বঙ্গবোরাক জাহাজে কর্মরত ব্যক্তিদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সংগ্রহ করে জাহাজের মালিক সম্পর্কে খোঁজখবর নেন। বঙ্গবোরাক জাহাজের ক্যাপ্টেন ছিলেন খন্দকার সালাম। কিন্তু চট্টগ্রাম বন্দর, কাস্টমস ও সিঙ্গাপুরের ইন্টারপোল থেকে পাওয়া তথ্যে তদন্ত কর্মকর্তা নিশ্চিত হন যে ওই দিন বঙ্গবোরাক জাহাজে করে কোনো অস্ত্র আসেনি। এগুলোতে পোশাক এক্সেসরিজ ছিল।

মামলার ৫৬ জন সাক্ষী এবং আসামিদের কারও জবানবন্দিতে অস্ত্র বহনকারী জাহাজ সম্পর্কে কোনো তথ্য উঠে আসেনি। শুধু আসামি হাফিজুর রহমান ২০০৯ সালের ২ মার্চ চট্টগ্রাম মহানগর হাকিম মো. ওসমান গণির খাসকামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জাহাজ সম্পর্কে তথ্য দিলেও বিস্তারিত জানাতে পারেননি।