অস্ত্র বহনে আপত্তি পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কূটনীতিক এবং তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তাকর্মীদের অস্ত্র বহনের প্রস্তাবের ব্যাপারে আপত্তি জানিয়েছে পুলিশ। পুলিশ সদর দপ্তর থেকে এ-সংক্রান্ত মতামত ৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রচলিত অস্ত্র আইনে বিদেশিদের অস্ত্র বহনের অনুমতি দেওয়ার সুযোগ নেই। এ ছাড়া তাঁদের নিরাপত্তায় নিয়োজিত বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মীদেরও অস্ত্র বহনের কোনো সুযোগ নেই। এ কারণে পুলিশের পক্ষ থেকে এ প্রস্তাবের ব্যাপারে আপত্তি জানানো হয়।

ওই কর্মকর্তা বলেন, এর বদলে তাঁদের বলা হয়েছে, নিরাপত্তার প্রয়োজনে তাঁদের জন্য যেকোনো বাহিনী থেকে সদস্য নিয়োগ করা যেতে পারে। এসব বাহিনী দূতাবাসগুলোর চাহিদা অনুসারেই নিরাপত্তা নিশ্চিত করবে। চাইলে দেশগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অস্ত্র ও প্রশিক্ষণ সহায়তা দিতে পারবে। এর আগে পুলিশের বিশেষ ইউনিট ‘সোয়াট’ যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও প্রশিক্ষণ নিয়েছে। এখন তাদের হাতে স্নাইপার রাইফেল (দূর থেকে নির্ভুল আঘাত হানতে সক্ষম) ছাড়াও এমফোর কারবাইনের মতো আধুনিক অস্ত্র রয়েছে।

সূত্র জানায়, গত ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় দুই দেশের ১৭ নাগরিক নিহত হওয়ার পর দূতাবাসের জন্য আর্মার্ড ভেহিকেল (বুলেটপ্রুফ এবং বিস্ফোরক নিরোধক উন্নত প্রযুক্তির গাড়ি) চেয়েছে জাপান ও ইতালি। দেশ দুটির পাশাপাশি কানাডা ও নেদারল্যান্ডস একই ধরনের গাড়ি ব্যবহারের অনুমতি দিতে সরকারকে অনুরোধ জানায়। জাপানের আন্তর্জাতিক সাহায্য সংস্থার (জাইকা) ঢাকা কার্যালয় এবং সারা দেশের প্রকল্পগুলোতে জরুরি ভিত্তিতে সার্বক্ষণিকভাবে পুলিশি পাহারা দিতে বাংলাদেশের প্রতি অনুরোধ জানায় জাপান। এ ছাড়া ওই সব কার্যালয়ে নিরাপত্তায় নিয়োগ দেওয়া বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোকে অস্ত্র বহনের অনুমতি দেওয়ারও অনুরোধ জানানো হয়।

এদিকে নিরাপত্তা চেয়ে ঢাকায় অবস্থিত ভারত, জার্মানি, ডেনমার্ক, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মিয়ানমার, আফগানিস্তান, তাইওয়ান, অস্ট্রিয়া ও থাইল্যান্ড দূতাবাস থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের রাষ্ট্রদূতেরা তাঁদের দূতাবাস ও বাসভবনের নিরাপত্তা বাড়াতে বলেছিলেন। ঢাকায় স্পেনের দূতাবাস তাদের নিরাপত্তার জন্য গত বছরের অক্টোবরে অস্ত্র বহনকারী তিন স্প্যানিশ পুলিশ মোতায়েনের অনুমতি চেয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো ওই প্রস্তাবে স্পেনের পুলিশের এক কর্মকর্তা ও দুই কনস্টেবলকে ঢাকায় নিয়োগের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। ইতালির নাগরিক সিজার তাবেলা গুলশানে খুন হওয়ার পরই ওই অনুরোধ জানায় স্পেনের দূতাবাস। অনুরোধে সাড়া না দেওয়ায় স্পেন দূতাবাস আবার অস্ত্র বহনকারী তিন পুলিশ নিয়োগের অনুমতি চায়। এর বাইরেও বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা নিরাপত্তা চেয়ে পুলিশের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছেন বলে জানা গেছে।

পুলিশের কূটনৈতিক নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, হলি আর্টিজানের হামলার পর দূতাবাস, মিশন, স্কুল, ক্লাব, রাষ্ট্রদূতদের বাসভবনসহ ৬২টি স্থাপনায় বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে। এর বাইরে কয়েকজন রাষ্ট্রদূতকে সার্বক্ষণিক অস্ত্রসহ নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে। তারপরও বিভিন্ন সময় কূটনীতিকরা নিজেদের নিরাপত্তাকর্মী নিয়োগ নিয়ে আলোচনা করছেন।

পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিভিন্ন দেশ নিরাপত্তা নিয়ে কথা বললেও শুধু মার্কিন দূতাবাসের মতামতের ব্যাপারেই পুলিশের মতামত চাওয়া হয়। আর কোনো দেশ আনুষ্ঠানিকভাবে এ ধরনের সুবিধা চাইলেও সে ব্যাপারে পুলিশের কোনো মতামত চাওয়া হয়নি। সম্প্রতি এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত জানতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই পুলিশের কাছে এ ব্যাপারে অভিমত চাওয়া হয়।