অস্ত্র বহনে সাত দিনের নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় নির্বাচন সামনে রেখে আগামী ১৯ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত মোট সাত দিন সব ধরনের অস্ত্র বহন ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসন কার্যালয়ের আগ্নেয়াস্ত্র শাখা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সরকারি, আধা সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠান ও স্থাপনায় নিয়োজিত নিরাপত্তা প্রহরীরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।

জেলা নির্বাহী হাকিম রাব্বী মিঞার সই করা এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১৯ ডিসেম্বর সোমবার থেকে ২৫ ডিসেম্বর রোববার পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় লাইসেন্সকৃত অস্ত্রসহ মালিকদের চলাফেরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। আদেশ লঙ্ঘনকারী ব্যক্তিদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা, ২০১৬ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।