অস্ত্র ব্যবসায়ী সেই উইলি থাইলান্ডে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংককভিত্তিক অস্ত্র ব্যবসায়ী উথিকর্ন নরুয়েনার্তওয়ানিচ ওরফে উইলিকে (৫৭) গত শুক্রবার গ্রেপ্তার করেছে থাই পুলিশ। ইতিমধ্যে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) উইলিকে ভারতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করেছে। খবর এপি ও টাইমস অব ইন্ডিয়ার। ২০১০ সালের অক্টোবরে পাটনায় নাগা বিচ্ছিন্নতাবাদী নেতা অ্যান্থনি শিমরেকে (৫০) গ্রেপ্তার দেখায় ভারত। অবশ্য নেপাল পুলিশের সহায়তায় কাঠমান্ডু বিমানবন্দর থেকে আটক করে শিমরেকে ভারতে নিয়ে আসা হয়। একই বছর চীন থেকে আনা একটি অস্ত্রের চালান এনে কক্সবাজারে খালাসের পরিকল্পনা করেছিলেন শিমরে ও উইলি। পরের বছর দিল্লির একটি আদালতে এনআইএর দেওয়া অভিযোগপত্রে বিষয়টির উল্লেখ রয়েছে। ২০০৪ সালে চট্টগ্রামে আটক হওয়া ১০ ট্রাক অস্ত্র চালানের ঘটনায় শিমরে ও উইলির নাম আলোচনায় আসে। তখন যুক্তরাজ্যভিত্তিক প্রখ্যাত প্রতিরক্ষা সাময়িকী জেনস ইন্টেলিজেন্স রিভিউর (জেআইআর) ২০০৪ সালের ১ আগস্ট সংখ্যায় এক প্রতিবেদনে বলা হয়, অ্যান্থনি শিমরের মাধ্যমে আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম) ১০ ট্রাক সমরাস্ত্র সংগ্রহ করে। এমনকি ২০০৪ সালে ওই অস্ত্র খালাসের সময় উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়ার সঙ্গে শিমরেও চট্টগ্রামে অবস্থান করছিলেন।