অস্ত্র ব্যবসায়ী সন্দেহে আটক
অস্ত্র ব্যবসায়ী সন্দেহে সিলেটের বালাগঞ্জ উপজেলার সোনারপুর গ্রামের হারুন মিয়া নামের এক ব্যক্তিকে গত রোববার রাতে আটক করেছে র্যাব। র্যাবের দাবি, এর আগে অস্ত্র ব্যবসায়ীদের হামলায় র্যাবের একজন সদস্য ও দুজন সোর্স আহত হয়েছেন।র্যাবের শ্রীমঙ্গল ক্যাম্প সূত্রের বিবরণ অনুযায়ী, অস্ত্র ব্যবসায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে অস্ত্র কেনার ফাঁদ পাতে র্যাব। রোববার সন্ধ্যার পর দুজন সোর্সকে (গোপন তথ্যদাতা) নিয়ে চারটি মোটরসাইকেলে র্যাবের ছয়জন সদস্য ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর এলাকায় অবস্থান নেন। ওই এলাকায় অস্ত্র হস্তান্তরের কথা থাকলেও পরে ব্যবসায়ীরা তাঁদের বালাগঞ্জ উপজেলার বুরুঙ্গা এলাকায় যেতে বলেন। সেখানে গেলে তাঁদের সোনাপুর গ্রামে যেতে বলা হয়। রাত ১০টার দিকে দুই সোর্সকে নিয়ে একটি মোটরসাইকেলে চড়ে শ্রীমঙ্গল ক্যাম্পের সিপাহি শফিকুল ইসলাম ওই গ্রামে যান। কৌশলগত কারণে র্যাবের অন্য সদস্যরা পেছনে থাকেন। এক লাখ পাঁচ হাজার টাকায় দাম ঠিক করে গুলিসহ একটি বিদেশি রিভলবার হাতে পাওয়ার পর শামীম নামের এক বিক্রেতাকে আটক করে র্যাব। এ সময় শামীমের সহযোগীরা ডাকাত বলে চিৎকার দেন এবং লাঠি ও রড নিয়ে হামলা চালান। এতে সিপাহি শফিকুল, সোর্স আলাল মিয়া ও জুবায়ের আহত হন। এর এক ফাঁকে শামীম ও তাঁর সহযোগীরা পালিয়ে যান।গ্রামবাসী সূত্রে জানা গেছে, পরে র্যাবের অন্য সদস্যরা এগিয়ে এলে ডাকাত ও ভুয়া র্যাব সন্দেহে গ্রামবাসী ও অস্ত্র ব্যবসায়ীরা তাঁদের ঘিরে ফেলে। পরে র্যাব-৯-এর সদর দপ্তর ও শ্রীমঙ্গল ক্যাম্প থেকে র্যাব ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য এসে সোনাপুর গ্রামে অভিযান চালান। এ সময় তিনজনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু হারুনকে (৩৫) শ্রীমঙ্গল ক্যাম্পে নিয়ে যায় র্যাব।র্যাব-৯-এর অধিনায়ক মেজর সাব্বির আহমেদ সিদ্দিকী বলেন, আটক ব্যক্তি অস্ত্র ব্যবসায় জড়িত।হারুনের এক প্রতিবেশী বলেন, হারুন একজন দিনমজুর। তিনি নিরীহ মানুষ। জটলা দেখে এগিয়ে গেলে র্যাব তাঁকে আটক করে। শামীমের জন্ম এই গ্রামে হলেও তিনি নানাবাড়িতে বড় হয়েছেন। এক বছর ধরে তিনি গ্রামে আসেন না। তাঁর সম্পর্কে তেমন কিছু জানা নেই।এ ব্যাপারে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেক আহমদ গতকাল রাত আটটার দিকে প্রথম আলোকে বলেন, আটক হারুনের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ নেই। তাঁকে এখনো থানায় সোপর্দ করেনি র্যাব। এ ঘটনায় মামলা করা হয়নি।