অস্ত্র ব্যবসায়ীদের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাটে অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের ছেড়ে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। তবে এই মামলায় বাদী হয়েছেন চারঘাট থানার উপপরিদর্শক তৌফিক পারভেজ। অস্ত্র ব্যবসায়ীদের ছেড়ে দেওয়ার অভিযোগে গত রোববার সন্ধ্যায় লোকজন তৌফিককে পিটুনি দিয়ে আটকে রেখেছিলেন।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার গোলাম মর্ত্তুজা জানান, উপপরিদর্শক তৌফিক পারভেজ বাদী হয়ে অজ্ঞাতনামা তিন অস্ত্র ব্যবসায়ীকে আসামি করে একটি মামলা করেছেন। তিনি বলেন, ‘ভুল-বোঝাবুঝির কারণে এটা হয়েছে। তা ছাড়া তিনজন আসামিকেই ধরা যেত।’ তৌফিক সাদাপোশাকে কেন অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে গিয়েছিলেন, জানতে চাইলে ওসি বলেন, ‘এটাই সে ভুল করেছে।’
রোববার সন্ধ্যার পর উপপরিদর্শক তৌফিক পারভেজ অস্ত্র ব্যবসায়ীদের একটি মোটরসাইকেল অনুসরণ করে উপজেলার হলিদাগাছি রেলগেটে যান। সেখানে তিনি অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে চা পান করছিলেন। এ সময় স্থানীয় লোকজন অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে তাঁকেও আটক করার চেষ্টা করেন। তিনি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিলেও প্রথমে লোকজন তাঁকে ভুয়া পুলিশ মনে করে পিটুনি দিয়ে আটকে রাখেন। এ সময় মোটরসাইকেল ফেলে তিন অস্ত্র ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হন।