অস্ত্র ব্যবহারের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের উপনির্বাচনের আগে ও পরে অস্ত্রের ব্যবহার হতে পারে—এত দিন এমন আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা। গতকাল সোমবার লালমোহন উপজেলায় অস্ত্র উদ্ধারের পর ভোটারদের মধ্যেও একই শঙ্কা তৈরি হয়েছে।জানতে চাইলে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, কিছু অস্ত্র যেহেতু পাওয়া গেছে, সন্দেহ তো থেকেই যায় আরও অস্ত্র থাকতে পারে। আর কোনো অস্ত্র আছে কি না বিভিন্ন মাধ্যমে খোঁজ নেওয়া হচ্ছে।আওয়ামী লীগের প্রার্থী নূরনবী চৌধুরী ও বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ পরস্পরের বিরুদ্ধে ক্যাডার ও অস্ত্র আনার অভিযোগ করেছেন। আচরণবিধি মেনে চলার জন্য দুই প্রার্থীকে চিঠি দিয়ে সতর্ক করেছে নির্বাচন কমিশন। এদিকে গতকাল রোববার দুপুরে লালমোহনের চরভুতা ইউনিয়নের বাংলাবাজারে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার খবর পাওয়া গেছে।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা গতকাল ঢাকায় সাংবাদিকদের বলেছেন, ভোলায় বহিরাগতরা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছে।অস্ত্র উদ্ধার: গতকাল সকাল সাড়ে ১০টায় লালমোহন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ধানখেতের পাশ থেকে একটি রিভলবার, একটি চীনা চাপাতি ও ছয়টি ছোরা উদ্ধার করে পুলিশ।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন খান প্রথম আলোকে বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে। পরিত্যক্ত বলে কোনো মামলা হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে, ওই উপজেলায় সাতটি বৈধ অস্ত্র আছে। এর সবগুলোই থানায় জমা আছে। লালমোহনের গজারিয়া এলাকায় পথসভা শেষে নূরনবী প্রথম আলোকে বলেন, বিএনপির প্রার্থীর ‘মৌমাছি’ ও ‘হকিস্টিক’ বাহিনীর হাতে অস্ত্র আছে। সেগুলো উদ্ধার হয়নি। বিএনপির কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান অভিযোগ করেন, যুবলীগের তিন-চার হাজার ক্যাডার এই এলাকায় ঢুকেছে। গতকাল অস্ত্রসহ কয়েকজনকে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছেড়ে দিয়েছে। প্রচার চলছে: আওয়ামী লীগের প্রার্থী গতকাল বিভিন্ন স্থানে পথসভা, ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি এলাকার উন্নয়নের স্বার্থে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানান। ভোলার চরফ্যাশন নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত সাংসদ আবদুল্লাহ আল ইসলাম ও এ আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত জসিম উদ্দিনও গণসংযোগে অংশ নেন।বিএনপির প্রার্থী তজুমদ্দিন উপজেলার চর জহিরউদ্দিনসহ ছয় স্থানে পথসভা করেন। এসব সভায় তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তুলে ধরে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রার্থীদের সঙ্গে পুলিশ: প্রার্থীদের আচরণ ও আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্য প্রার্থীদের সঙ্গে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাব পুলিশের দল থাকার কথা ছিল। কিন্তু গতকাল প্রার্থীদের সঙ্গে সাতজন করে পুলিশ ছিল। ম্যাজিস্ট্রেট বা র‌্যাব ছিল না। প্রার্থীদের সঙ্গে ভিডিও ক্যামেরাও ছিল না।সিইসি যাচ্ছেন আজ: সিইসি এ টি এম শামসুল হুদা আজ মঙ্গলবার এ নির্বাচনী এলাকা পরিদর্শন করবেন। গতকাল ভোলার উদ্দেশে রওনা দেওয়ার আগে কমিশন কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, উপনির্বাচনে সেনা মোতায়েন করা হবে না। নতুন এসপি: এদিকে ভোলার পুলিশ সুপার (এসপি) পদে বশির আহমদকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। ভোলার এসপি (চলতি দায়িত্বে) এস এন নজরুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়।