অস্ত্র-মাদকসহ আটক ২
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন সিআরবি এলাকা থেকে অস্ত্র, গুলি, মাদকদ্রব্যসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত সোমবার গভীর রাতে এ অভিযান চালানো হয়।আটক দুজন হলেন মনির হোসেন (৩৬) ও মো. শাহজাহান (৪০)। মনির হোসেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বড় উঠান খিলপাড়া গ্রামের আবদুল হামিদের ছেলে। শাহজাহান নগরের বায়েজিদ থানাধীন কুলগাঁও এলাকার মৃত আবদুল মালেকের ছেলে।র্যাব-৭ জানায়, আটক দুজনের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, দুটি গুলি, ২২০ গ্রাম হেরোইন, ৫৬০ বোতল ফেনসিডিল, চারটি মুঠোফোন ও ১০ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে। র্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব সিআরবি এলাকায় রাশেদা সুলতানা বাংলোয় যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাঁদের আটক করা হয়।