অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন
পাবনায় একটি অস্ত্র মামলায় হারেজ সরদার (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। স্পেশাল ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান গতকাল সোমবার বিকেলে এই আদেশ দেন।
থানা-পুলিশ জানায়, হারেজ সরদার নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন ‘বাহিনী’র আঞ্চলিক নেতা ছিলেন। তাঁর বাড়ি ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা গ্রামে।
আদালতের নথি সূত্রে জানা গেছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ২০০৮ সালের ১৬ মার্চ গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা থেকে হারেজকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ১৭ মার্চ র্যাব ও পুলিশ ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা গ্রামের একটি খড়ের স্তূপ থেকে একটি একনলা বন্দুক, চারটি দেশি ও বিদেশি শাটারগান এবং একটি রিভলবার উদ্ধার করে। এরপর হারেজের বিরুদ্ধে ফরিদপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়।
২৯ মার্চ ওই থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন মামলাটির তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর দীর্ঘ শুনানি ও ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল আদালত এ রায় দেন।