অস্ত্র মামলায় নূর হোসেনের ভাতিজা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি অস্ত্র মামলায় সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাতিজা শাহজালাল বাদলকে গতকাল সোমবার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২৭ এপ্রিল লিঙ্ক রোড থেকে সাতজন অপহৃত হন। ৩০ এপ্রিল এবং ১ মে শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনার পর নূর হোসেন ও তাঁর সহযোগীরা এলাকা ছেড়ে পালিয়ে যান। ওই বছরের ৯ মে নূর হোসেনের শিমরাইল ট্রাক স্ট্যান্ডের আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলায় নূর হোসেনকে ১ নম্বর এবং তাঁর ভাতিজা শাহজালাল বাদলকে ২ নম্বর আসামি করা হয়।
শাহজালাল বাদলের আইনজীবী খোকন সাহা জানান, অস্ত্র আইনে হওয়া মামলায় গতকাল দুপুরে শাহজালাল বাদল নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত শুনানি শেষে তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।