অস্ত্র মামলার শুনানিতে আদালতে হাজিরা দিলেন শামীম ওসমান
অস্ত্র মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতা ও সাবেক সাংসদ এ কে এম শামীম ওসমান। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জে জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. ইসরাইল হোসেনের আদালতে মামলা প্রত্যাহারের বিষয়ে শুনানি শামীম ওসমানের উপস্থিতিতে হয়।শুনানি শেষে আদালত আগামী ৮ এপ্রিল মামলাটির পরবর্তী তারিখ ধার্য করেন। শুনানিতে অংশ নেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমানসহ প্রায় অর্ধশত আইনজীবী।আদালত সূত্রে জানা গেছে, বিগত চারদলীয় জোট সরকারের আমলে গত ২০০২ সালের ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ থানায় অস্ত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়। শামীম ওসমান পলাতক থাকায় নির্ধারিত সময়ে তাঁর লাইসেন্স করা একনলা বন্দুক ও গুলি জমা না দেওয়ায় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জালালউদ্দিন মীর বাদী হয়ে ২০০৩ সালের ১ ডিসেম্বর অস্ত্র আইনে মামলা দায়ের করেন এবং ২০০৪ সালের ২৮ আগস্ট তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা শামীম ওসমানকে পলাতক দেখিয়ে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।