অস্ত্র মামলায় অভিযোগ গঠন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির রাজাপুর উপজেলার কলেজছাত্র লিমন হোসেনের নামে র‌্যাবের দায়ের করা অস্ত্র মামলায় অভিযোগ গঠন হয়নি। গতকাল বৃহস্পতিবার ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২ আদালতে অভিযোগ গঠনের জন্য তারিখ ধার্য ছিল। আদালতের বিচারক সিদ্দিকুল আরেফিন চৌধুরী অনুপস্থিত থাকায় আগামী ২১ নভেম্বর অভিযোগ গঠনের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। এদিকে লিমন বর্তমানে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকি ৎ সাধীন থাকায় তার পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবীরা। লিমনের আইনজীবী মানিক আচার্য বলেন, লিমনের মামলায় গতকাল অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও অভিযোগ গঠনের সম্ভাবনা ছিল না। কারণ একই ঘটনায় পৃথক অভিযোগপত্রে সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের প্রতিবেদন আদালতে জমা হয়নি। গত ২৩ মার্চ রাজাপুরের সাতুরিয়া গ্রামে বাড়ির কাছে মাঠে গরু আনতে গিয়ে র‌্যাবের গুলিতে পা হারান কলেজছাত্র লিমন। এ ঘটনায় বরিশাল র‌্যাব-৮-এর উপসহকারী পরিচালক লু ৎ ফর রহমান বাদী হয়ে লিমনসহ আটজনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে অপর একটি মামলা করেন। ২৪ এপ্রিল রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম অস্ত্র মামলায় পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেন। বয়স ১৮ বছরের কম হওয়ায় একটি অভিযোগপত্রে শুধু লিমনকে আসামি করা হয়। অপর অভিযোগপত্রে আসামি করা হয় সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারসহ সাতজনকে। গত ৩ জুলাই বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মো. ফারুক আহামদ দুটি অভিযোগপত্রের বিচার একই সঙ্গে করার নির্দেশ দিয়ে মামলা দুটি বিশেষ ট্রাইব্যুনাল-২-এ পাঠান।এদিকে র‌্যাবের করা অস্ত্র মামলায় পুলিশ লিমনের বিরুদ্ধে এক মাসের মাথায় অভিযোগপত্র দিলেও লিমনকে হত্যাচেষ্টার অভিযোগে তার মায়ের করা মামলায় প্রায় পাঁচ মাসেও আদালতে কোনো প্রতিবেদন দেয়নি।