ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার একটি অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সিদ্দিকুর রহমান বাংলা ভাইয়ের স্ত্রীকে বেকসুর খালাস এবং জেএমবির দুই সদস্য আবদুর রউফ ও চান মিয়াকে ৩৭ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।গতকাল বুধবার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে বাংলা ভাইয়ের স্ত্রী ফাহিমা বেগম ফারজানা, আবদুর রউফ ও চান মিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ২০০৬ সালের ৬ মার্চ ফাহিমা গ্রেপ্তার হন।অভিযুক্ত আসামি আবদুর রউফ ও চান মিয়ার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় তাঁদের ১৮৭৮ সালের অস্ত্র আইনের আওতায় অবৈধভাবে অস্ত্র রাখায় যাবজ্জীবন এবং গুলি রাখার দায়ে সাত বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। আসামি ফাহিমার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়। রায়ে উল্লেখ করা হয়, আসামি গ্রেপ্তার হওয়ার তারিখ থেকে রায় কার্যকর হবে।মামলার বিবরণে জানা যায়, বাংলা ভাইয়ের স্ত্রী ফাহিমাকে নিয়ে র্যাবের তৎকালীন গোয়েন্দাপ্রধান লে. কর্নেল গুলজার উদ্দিন আহমেদের নেতৃত্বে মুক্তাগাছার রামপুরায় চান মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বাংলা ভাই, রউফ ও চানকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি পিস্তল, দুটি রিভলবার, দুটি রামদা এবং অনেক গোলাবারুদ উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৯-এর তৎকালীন উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম মুক্তাগাছা থানায় এ মামলা করেন। গোয়েন্দা পুলিশ-ডিবি তদন্ত করে বাংলা ভাই ও তাঁর স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০০৭ সালের ২৯ মার্চ দুই বিচারক হত্যা মামলায় বাংলা ভাইয়ের ফাঁসি কার্যকর হওয়ায় তাঁকে এ মামলা থেকে বাদ দেওয়া হয়। আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন। রাষ্ট্রপক্ষে কৌঁসুলি ছিলেন মো. রফিকুল ইসলাম।