অস্ত্র মামলায় চউক কর্মকর্তা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি অস্ত্র মামলায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) এক ভূমি কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ গোলাম সারোয়ারের আদালত এই আদেশ দেন। গতকাল সোমবার আদালতে আত্মসমর্পণ করে ভূমি কর্মকর্তা (ভবন) (বর্তমানে ওএসডি) মো. আলমগীর খান ওরফে ছোটন জামিন আবেদন করেন। আদালত আবেদন বাতিল করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী ৩১ জুলাই মামলার শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১ মে রাতে নগরের বিআরটিসি বাস মোড়ে একটি প্রাইভেট কার থেকে র‌্যাব সদস্যরা একটি বিদেশি পিস্তল ও নয়টি গুলি উদ্ধার করে। সে সময় প্রাইভেট কারটি জব্দ করা হয়। গাড়িটির মালিক আলমগীর খান। ওই ঘটনায় র‌্যাব সদস্য ডিএডি আবদুল গাফফার বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় একটি মামলা করেন। ওই মামলায় তদন্ত শেষে পুলিশ আলমগীরকে প্রধান আসামি করে গত বছরের ৯ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেন।