অস্ত্র মামলায় চারজনের ১৭ বছর করে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডে করা অস্ত্র মামলায় চারজনের ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার নরসিংদীর বিশেষ ট্রাইব্যুনাল জজ আদালত-২ বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় দেন।
২০১১ সালের ১ নভেম্বর গুলি করে হত্যা করা হয় লোকমান হোসেনকে। এ ঘটনায় করা দুটি মামলার এটিই প্রথম রায়। অপরটি হত্যা মামলা।
অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নাজমুল হাসান ওরফে কিলার শরীফ, আওলাদ হোসেন, সারোয়ার হোসেন ও মীর দেলোয়ার হোসেন। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে এ হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি অবৈধভাবে রাখার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
নরসিংদী আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, ২০১১ সালের ১ নভেম্বর রাত পৌনে আটটার দিকে নাজমুল হাসান অন্যান্য আসামিদের সহযোগিতায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ঢুকে পৌর মেয়র লোকমান হোসেনকে গুলি করে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় লোকমানের ছোট ভাই বর্তমান পৌর মেয়র কামরুজ্জামান একটি হত্যা মামলা করেন। ওই মামলায় নাজমুল হাসানকে গ্রেপ্তার করে নরসিংদী গোয়েন্দা পুলিশ। পরে তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী, ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি অত্যাধুনিক পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় আওলাদ হোসেন, সারোয়ার হোসেন ও মীর দেলোয়ার হোসেনকে।
ওসি সাইদুর রহমান জানান, নাজমুল হাসান স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি দণ্ডপ্রাপ্ত অন্য আসামিদের হাত হয়ে তাঁর হাতে আসে এবং পরে পুনরায় অন্যদের হাতে ফিরে যায়। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশ তাঁদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করে। ওই মামলারই রায় হলো গতকাল।
নরসিংদী বিশেষ ট্রাইব্যুনাল জজ আদালতে দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (ক) এবং ১৯ (চ) ধারায় চারজনকে ১৭ বছর করে কারাদণ্ডাদেশ দেন।
আসামিদের মধ্যে নাজমুল হাসান, সারোয়ার হোসেন ও মীর দেলোয়ার হোসেন নরসিংদী কারাগারে বন্দী। আওলাদ হোসেন জামিনে বের হয়ে বর্তমানে পলাতক।