অস্ত্র মামলায় ছাত্রলীগ নেতার জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় অস্ত্রসহ গ্রেপ্তার চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম ওরফে রনির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা শুনানি শেষে এ আদেশ দেন।

এ ছাড়া নির্বাচনের দিন আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া দুই বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে জামিন পেয়েছেন এই ছাত্রলীগ নেতা। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

৭ মে ইউপি নির্বাচনের দিন হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে অস্ত্র ও সিলসহ নুরুল আজিমকে বিজিবি আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় হাটহাজারী থানার পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে একটি মামলা করে। এ ছাড়া নির্বাচনী দায়িত্বে থাকা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম মহানগর হাকিম হারুনুর রশিদ তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন।

নুরুল আজিম বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন।