রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদকারী শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অস্ত্রসহ আটক দুই ছাত্রলীগ কর্মীকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে অস্ত্র আইনে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মতিহার থানার পুলিশ জানায়, শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে ছাত্রলীগ কর্মী আবু খায়ের মোস্তফা ও হীরককে আটক করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়। পরে ওই রাতে কাজলা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুরুল কবির বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় খায়ের ও হীরককে গ্রেপ্তার দেখিয়ে গতকাল বেলা ১১টার দিকে রাজশাহী মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘দুই অস্ত্রধারীকে জেলহাজতে পাঠানো হয়েছে। সুযোগসন্ধানী ওই অস্ত্রধারীরা কখনো ছাত্রদল আবার কখনো ছাত্রলীগের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল।’
বৃহস্পতিবার বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর এলাকায় আইন বিভাগের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সহপাঠী ইফতেখার শাহরিয়ার ঘটনার প্রতিবাদ করায় তাঁকে পিটিয়ে জখম করেন ছাত্রলীগ কর্মী খায়ের, হীরক ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক সাবরুন জামিল সুস্ময়।