চট্টগ্রামের হাটহাজারীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রের পাশ থেকে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। নির্বাচনী বিধি ভঙ্গের দায়ে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া দুই বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদা শুনানি শেষে এ আদেশ দেন।
সাজা হওয়া মামলায় নুরুল আজিমকে জামিন দেওয়া হলেও অস্ত্র মামলায় জামিন না পাওয়ায় কারাগার থেকে ছাড়া পাচ্ছেন না তিনি। বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন তিনি।
৭ মে ইউপি নির্বাচন চলাকালে চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের একটি কেন্দ্রের পাশ থেকে অস্ত্র, গুলি ও ব্যালট পেপারে ব্যবহৃত একটি সিলসহ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিমকে আটক করে বিজিবি। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে হাটহাজারী থানায় পৃথক মামলা করা হয়।
চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ইউপি নির্বাচন আইনে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজার বিরুদ্ধে আপিল করে জামিন পেয়েছেন নুরুল আজিম। কিন্তু অস্ত্র মামলায় তাঁর জামিন আবেদন নাকচ করে দেন আদালত।
আসামির আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী আদালত প্রাঙ্গণে বলেন, অস্ত্র মামলায় জামিনের আবেদন নামঞ্জুর হওয়ায় উচ্চ আদালতে জামিনের আবেদন করা হবে। তাঁর দাবি, ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় নুরুল আজিমকে জড়ানো হয়েছে।