অস্ত্র মামলায় জামিন পেলেন ছাত্রলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ পর্বের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটে অনিয়মের অভিযোগে গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।

আজ সোমবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ অস্ত্র আইনে করা মামলায় নুরুল আজিমকে এই জামিন দেন।

নুরুল আজিমকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না—রাষ্ট্রপক্ষের কাছে জানতে চেয়ে চার সপ্তাহের রুল দিয়েছেন হাইকোর্ট।

গত ৭ মে চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউপি নির্বাচন চলাকালে একটি কেন্দ্রের পাশ থেকে আগ্নেয়াস্ত্র, গুলিসহ নুরুল আজিমকে আটক করা হয়। নুরুলের বিরুদ্ধে অস্ত্র আইনে হাটহাজারী থানায় একটি মামলা হয়। জাল ভোট দেওয়া ও ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশের দায়ে নুরুলকে এক বছর করে মোট দুই বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।