অস্ত্র মামলায় জামিন পেলেন সহিদ কমিশনার
পুলিশের খাতায় একসময়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. সাইদুর রহমান সহিদ ওরফে ‘সহিদ কমিশনার’ একটি অস্ত্র মামলায় জামিন পেয়েছেন। গতকাল সোমবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৫-এর বিচারক মো. রুহুল আমিন তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
আদালতে সহিদ কমিশনারের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী মিজানুর রহমান। জামিনের আবেদনে বলা হয়, সাইদুর রহমান দীর্ঘদিন ধরে বিনা বিচারে কারাগারে আটক রয়েছেন। আসামির দখল থেকে কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি। তা ছাড়া তিনি কিডনি, প্রোস্টেটগ্লান্ড ও ডায়াবেটিসজনিত অসুস্থতায় ভুগছেন। তাঁর সুচিকিৎসা প্রয়োজন। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকার গেন্ডারিয়ার বাসা থেকে সহিদ কমিশনারকে গ্রেপ্তার করে র্যাব। সেখান থেকে উদ্ধার করা হয় তিনটি পিস্তল, একটি রিভলবার ও ৬২টি গুলি।
এ ঘটনায় র্যাবের পরিদর্শক নীতি বিকাশ দত্ত গেন্ডারিয়া থানায় অস্ত্র আইনে মামলা করেন। এ মামলায় ১৯ মে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ২৪ নভেম্বর তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। চলতি বছরের ৩১ মার্চ মামলার বাদী আংশিক সাক্ষ্য দেন।
সহিদ কমিশনার হিসেবে সমধিক পরিচিত মো. সাইদুর রহমানের বিরুদ্ধে কেরানীগঞ্জের আতিকুল্লাহ চৌধুরী হত্যা মামলাসহ অন্তত চারটি মামলা বিচারাধীন। এ ছাড়া আইনজীবী হাবিবুর রহমান মণ্ডল হত্যা মামলায় নিম্ন আদালতে তাঁর ফাঁসির আদেশ হয়েছিল।
১০ বছর জেল খাটার পর বছর পাঁচেক আগে ওই মামলায় তিনি উচ্চ আদালত থেকে খালাস পান। তাঁর বিরুদ্ধে করা আরও কয়েকটি মামলার কার্যক্রম উচ্চ আদালতের আদেশে স্থগিত আছে।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সহিদ কমিশনার গত বছর ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের আগে প্রকাশ্যে আসেন এবং সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই আসনে সাংসদ নির্বাচিত হন জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ।