অস্ত্র মামলায় দুই সন্ত্রাসীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অস্ত্র মামলায় দুই সন্ত্রাসীকে ১৯ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা হলেন চট্টগ্রামের রাউজান উপজেলার মো. আলমগীর ও মো. শফি। গতকাল সোমবার সপ্তম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ফেরদৌস আরা এ রায় দেন।
২০০০ সালের ২৮ জুন রাউজান উপজেলার কদলপুর এলাকায় অভিযান চালিয়ে একটি পাইপগান ও ১০টি গুলিসহ ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় রাউজান থানার এসআই মো. শাহজাহান বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন।
সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি রুবেল পাল প্রথম আলোকে বলেন, সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত দুই সন্ত্রাসীকে ১৯ বছর করে কারাদণ্ড দেন। এ মামলায় ২০০০ সালের ৫ আগস্ট রাউজান থানার পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।
সরকারি কৌঁসুলি বলেন, দণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের মধ্যে রায় ঘোষণার পর আলমগীরকে কারাগারে পাঠানো হয়। অপর আসামি শফি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।