অস্ত্র মামলায় দুজনকে ১৯ বছর করে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র মামলায় দুই আসামিকে ১৯ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁরা হলেন চট্টগ্রামের রাউজান উপজেলার মো. আলমগীর ও মো. শফি। আজ সোমবার দুপুরে সপ্তম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ফেরদৌস আরা এ রায় দেন।

সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি রুবেল পাল প্রথম আলোকে বলেন, ২০০০ সালের ২৮ জুন রাউজান উপজেলার কদলপুরে পুলিশ অভিযান চালিয়ে একটি পাইপগান ও ১০টি গুলি উদ্ধার করে। এ ঘটনায় রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বাদী হয়ে থানায় অস্ত্র আইনে মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ৫ আগস্ট রাউজান থানার পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলা বিচার শুরু হয়েছিল। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই দুই সন্ত্রাসীকে ১৯ বছর করে কারাদণ্ড দেন।

রুবেল পাল আরও বলেন, দণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের মধ্যে আলমগীরকে রায় ঘোষণার পর কারাগারে পাঠানো হয়। অপর আসামি শফি জামিনে বেরিয়ে পলাতক রয়েছেন।