অস্ত্র মামলায় দুজনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার দুই যুবকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হাসান শুনানি শেষে এই আদেশ দেন।
আসামিরা হলেন শফিউল বশর ওরফে রনি ও সোহেল রানা। গত শনিবার চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরীহাট এলাকা থেকে অস্ত্রসহ তাঁদের গ্রেপ্তার করে র্যাব। তাঁদের কাছ থেকে ১টি রাইফেল ও ৫৬টি গুলি আটকের পর ওই অস্ত্রটি নিজের বলে দাবি করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরী।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ ঘটনার পর বলেন, উদ্ধার করা অস্ত্রের লাইসেন্সের মেয়াদ ২০১৬ সালে শেষ হয়ে গেছে। এ ছাড়া লাইসেন্স করা অস্ত্র নির্দিষ্ট ব্যক্তির কাছে থাকার নিয়ম থাকলেও পাওয়া গেছে অন্য দুই যুবকের কাছে। লাইসেন্সের শর্ত অনুযায়ী অস্ত্রের সঙ্গে সর্বোচ্চ ৫০টি গুলি থাকার নিয়ম থাকলেও পাওয়া গেছে ৫৬টি। এ কারণে গত শনিবার রাতে র্যাব বাদী হয়ে হাটহাজারী থানায় দুই যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, অস্ত্র মামলায় গ্রেপ্তার দুই যুবককে জিজ্ঞাসাবাদ করতে মামলার তদন্ত কর্মকর্তা হাটহাজারী থানার পরিদর্শক শরীফুল ইসলাম পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। শুনানির পর আসামিদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুই আসামিকে কয়েক দিনের মধ্যে কারাগার থেকে থানায় আনা হবে।