অস্ত্র মামলায় বাদীর আংশিক সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

গতকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে সাক্ষ্য দেন অস্ত্র মামলার বাদী মো. কামরুজ্জামান

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় করা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী মো. কামরুজ্জামান। তিনি নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার।

গত বছরের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় গুলি ও ছুরিকাঘাতে হত্যা করা হয় মাহমুদা খানমকে। এ ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন। ঘটনার তদন্ত করতে গিয়ে গোয়েন্দা পুলিশ ২৭ জুন নগরের বাকলিয়ার রাজাখালী এলাকা থেকে এহতেশামুল হক ওরফে ভোলাকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী মনির হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় এহতেশামুল হক ও মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় অস্ত্র আইনে মামলা করেন মো. কামরুজ্জামান। তদন্ত শেষে গত ২৮ জুলাই অস্ত্র মামলায় দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২২ নভেম্বর আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ শুরু করেন।

চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, মাহমুদা হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের মামলায় বাদীর আংশিক সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আগামী ২২ ফেব্রুয়ারি বাকি সাক্ষ্য গ্রহণ করা হবে।