অস্ত্র মামলায় মেয়রসহ দুজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ওরফে বিজুসহ দুজনকে অস্ত্র মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বুধবার ঝিনাইদহের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক এস এম মনিরুজ্জামান তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, গত ২ ডিসেম্বর কালীগঞ্জ শহরের আড়পাড়ায় ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কয়েকজন পৌর মেয়রের বাড়ির সামনে গেলে মেয়র মোস্তাফিজুর রহমান তাঁর লাইসেন্স করা পিস্তল দিয়ে চারটি এবং তাঁর চাচাতো ভাই আবদুস সামাদ ওরফে মিল্টন মেয়রের শটগান দিয়ে দুটি গুলি করেন। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহম্মদ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ওই দিনের ঘটনায় মেয়র মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। এর একটির বাদী পুলিশ, অপরটির ছাত্রলীগ নেতা আনিচুর রহমান। পুলিশের মামলায় মোস্তাফিজুর রহমান ও আবদুস সামাদকে আর আনিচুর রহমানের মামলায় ১৫ জনকে আসামি করা হয়েছে। যার মধ্যে ১৩ জন জামিনে রয়েছেন। মেয়র মোস্তাফিজুর রহমান ও তাঁর ভাই আবদুস সামাদ পলাতক ছিলেন। গতকাল বুধবার তাঁরা আদালতে জামিন নিতে গেলে পৃথক দুটি মামলায় তাঁদের কারাগারে পাঠিয়েছেন আদালত।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ আবদুল মান্নান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। মেয়র মোস্তাফিজুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে তাঁকে হত্যার চেষ্টা করলে তিনি জীবন বাঁচাতে লাইসেন্স করা অস্ত্র দিয়ে গুলি করেন। অথচ তাঁর বিরুদ্ধে এই মিথ্যা মামলা দিয়ে তাঁকে হয়রানি করা হচ্ছে।