অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে অস্ত্র মামলায় রেজাউল করিম ওরফে কালু (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য একটি ধারায় আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ আদেশ দেন। এ সময়ে আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রেজাউলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাগানটুলি গ্রামে।
গাজীপুরের কোর্ট পরিদর্শক রবিউল ইসলাম বলেন, ২০১৩ সালের ১৩ মার্চ ভোরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী সাথী পরিবহনের একটি বাসে তল্লাশি করে রেজাউলের কাছ থেকে অস্ত্র-গুলি উদ্ধার করে। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। কালিয়াকৈর থানায় করা মামলায় ওই বছরের ৩ জুন রেজাউলের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মো. হারিজ উদ্দিন আহমেদ ও আসামি পক্ষে নাজমুল হক চৌধুরী মামলাটি পরিচালনা করেন।