অস্ত্র মামলায় লিমন কারাগারে
বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সাইফুল আলম ওরফে লিমন ও তাঁর তিন সহযোগীকে অস্ত্র মামলায় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, আসামিদের পক্ষে
আদালতে কেউ জামিনের আবেদন করেননি।
গত মঙ্গলবার রাতে নগরের লালখান বাজার এলাকার বাসা থেকে লিমন, সাদ্দাম হোসেন, তৌহিদুল ইসলাম ও আজিজুল হককে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে র্যা ব। এ ঘটনায় পরদিন র্যা ব-৭-এর সহকারী পরিচালক আবদুল মজিব বাদী হয়ে অস্ত্র আইনে চারজনকে আসামি করে থানায় মামলা করেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, লিমন ও তাঁর তিন সহযোগীকে জিজ্ঞাসাবাদ করতে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে। রোববার রিমান্ড আবেদনের শুনানি হতে পারে।
২০১৩ সালের ২৪ জুন দরপত্র নিয়ে সিআরবির সামনে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়। এ ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক পদ থেকে লিমনকে এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বাবরকে বহিষ্কার করা হয়। দুজনের অনুসারীদের মধ্যে ওই সংঘর্ষ হয়।