অস্ত্র মামলায় শামীম ওসমানের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত চারদলীয় জোট সরকারের আমলে সেনাবাহিনীর নেতৃত্বে অপারেশন ক্লিনহার্ট অভিযানের সময় দায়ের করা একটি অস্ত্র মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ ও আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শামীম ওসমান জামিন পেয়েছেন।বুধবার বিকেলে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আলী আকবরের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।মামলায় আইনজীবী হিসেবে ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দিপু, সাধারণ সম্পাদক খোকন সাহা, আবদুর রশিদ ভূঁইয়া ও সোহেল মিয়া।মামলার বিবরণীতে জানা যায়, গত চারদলীয় জোট সরকারের সময় ২০০২ সালের অক্টোবর মাসে সেনাবাহিনীর পরিচালনায় দেশব্যাপী অপারেশন ক্লিনহার্ট শুরু হলে সরকার সব বৈধ অস্ত্র স্থানীয় থানায় জমা দেওয়ার নির্দেশ দেয়। শামীম ওসমান বিদেশে পলাতক থাকায় তাঁর অস্ত্র থানায় জমা দিতে পারেননি। পরে ফতুল্লা মডেল থানার পুলিশ একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের জামতলার হাজি আবদুল হামিদ সড়কে অবস্থিত শামীম ওসমানের বাসভবন থেকে অস্ত্রটি উদ্ধার করে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করে।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শামীম ওসমানের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক বিবেচনায় মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়।