গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে গ্রেপ্তার হওয়া সাবেক সাংসদ ও জাতীয় পার্টির নেতা আবদুল কাদের খানের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ গতকাল মঙ্গলবার শুরু হয়েছে।
দুপুরে গাইবান্ধার স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-১-এর বিচারক রাশেদা সুলতানা সাক্ষ্যগ্রহণ করেন। এ সময় আবদুল কাদের খানকে আদালতে হাজির করা হয়।
আসামিপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, অস্ত্র মামলার বাদী ও সাংসদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবু হায়দার মো. আশরাফুজ্জামানের সাক্ষ্যগ্রহণ করা হয় গতকাল। অপর সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ হবে পরবর্তী তারিখে। আদালতে দেওয়া সাক্ষ্যে আশরাফুজ্জামান বলেছেন, সাংসদ মনজুরুল ইসলাম হত্যায় তিনটি অস্ত্র ব্যবহার করা হয়। গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জে নিজ বাড়িতে গুলিতে নিহত হন সাংসদ মনজুরুল ইসলাম।