অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে অস্ত্র ও গুলি রাখার দায়ে মঞ্জুর হোসেন নামের এক ব্যক্তিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৭-এর বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি মঞ্জুর হোসেন জামিনে পলাতক আছেন। রায়ে বলা হয়, আসামি গ্রেপ্তার অথবা আত্মসমর্পণ করার পর এ রায় কার্যকর হবে। মামলার বিবরণে বলা হয়, ২০০৭ সালের ৩০ জুন রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন দুষ্কৃতকারী মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে ছিনতাইয়ের প্রস্তুতি নেয়। এ সময় র্যাব-২-এর একটি টহল দল তাদের ধাওয়া করে। ঘটনাস্থল থেকে আসামি মঞ্জুরকে গ্রেপ্তার করা হয়। তার কোমর থেকে দুটি গুলিভর্তি লোহার তৈরি একটি একনলা বন্দুক উদ্ধার করে র্যাব। পরে এ ঘটনায় র্যাবের এসআই জিয়াউল হক বাদী হয়ে আদাবর থানায় মামলা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন মোক্তার হোসেন।