অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড
ফেনীতে অস্ত্র মামলায় এক ব্যক্তিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ফেনীর যুগ্ম জেলা জজ (প্রথম আদালত) ও বিশেষ ট্রাইব্যুনাল আদালত-৩-এর বিচারক জেবুন্নাহার আয়েশা গতকাল বুধবার এই রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত মোহামঞ্চদ হারিছের (৩৫) বাড়ি ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের আড্ডাবাড়ি। রায় ঘোষণার সময় হারিছ আদালতে উপস্থিত ছিলেন। সহকারী সরকারি কৌঁসুলী একরামুল করিম খোন্দকার জানান, ২০১০ সালের ১৯ জুলাই রাতে হারিছসহ ২০-২৫ জন আড্ডাবাড়ির পাশে একত্র হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে দেশে তৈরি একটি এলজি ও দুটি কার্তুজসহ হারিছকে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। ওই ঘটনায় ফেনী সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশিকুর রহমান মামলা করেন। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল আদালত অস্ত্র আইনের ১৯(এ) ধারায় হারিছকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং (এফ) ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন।