অস্ত্র রেখে অন্যকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জ শহরের দেওভোগে অস্ত্র রেখে অন্যকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে তথ্যদাতাসহ (সোর্স) দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহরের দেওভোগ এলাকার সাজু (২২) এবং একই এলাকার ভোদলা (২৬)।শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত র্যাব-১১ স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির কমান্ডার মেজর আবু সাঈদ বলেন, গতকাল শুক্রবার ভোর ছয়টার দিকে তথ্যদাতা সাজুর মাধ্যমে খবর পেয়ে তাঁর নেতৃত্বে র্যাবের একটি দল শহরের পশ্চিম দেওভোগ বাংলা বাজার ডাইন রোডের একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালায়। এ সময় তথ্যদাতা সাজু ওই ভবনের প্রথম তলার সানশেডের ওপর থেকে পয়েন্ট টুটু বোরের একটি কাটা রাইফেল বের করে দেন। এ সময় র্যাব কর্মকর্তাদের সন্দেহ হলে তাঁরা সাজুকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে সাজু জানান, পূর্বশত্রুতার জের ধরে তাঁরা অস্ত্র রেখে পশ্চিম দেওভোগের বাংলা বাজারের দোলন নামের এক ব্যক্তিকে ফাঁসাতে চেয়েছিলেন। জিজ্ঞাসাবাদে সাজু আরও জানান, এ ঘটনার সঙ্গে ভোদলা নামের আরও এক ব্যক্তি জড়িত। পরে র্যাব দেওভোগ বাংলা বাজার গলি এলাকা থেকে ভোদলাকে গ্রেপ্তার করে।র্যাব আরও জানায়, ভোদলার বিরুদ্ধে ফতুল্লা ও সদর থানায় একাধিক মামলা রয়েছে। সাজু ও ভোদলা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের ফতুল্লা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।