অস্ত্র শনাক্তকরণ যান কেনার সিদ্ধান্ত সংসদ সচিবালয়ের
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো জাতীয় সংসদ ভবনের নিরাপত্তায় প্রতিবছর একবার করে সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত কর্মতৎপরতা-সম্পর্কিত হালনাগাদ তথ্য যাচাই (নিরাপত্তা ভেটিং) করে দেখা হবে। কর্মকর্তাদের কেউ রাষ্ট্রবিরোধী বা প্রতিষ্ঠানবিরোধী কর্মকাণ্ডে জড়িত আছে কি না, তা জানতে এই নিয়ম চালু করা হচ্ছে।
এ ছাড়া সংসদ এলাকার নিরাপত্তা জোরদারে পাঁচটি অস্ত্র ও গোলাবারুদ শনাক্তকরণ যান কেনার সিদ্ধান্ত নিয়েছে সংসদ সচিবালয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল বুধবার ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও লেগগার্ড সরবরাহের নির্দেশ দিয়েছেন।
১ জুলাই ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারি ও ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামায়াতের কাছাকাছি জায়গায় জঙ্গি হামলার প্রেক্ষাপটে সংসদ সচিবালয় এসব সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার সংসদ সচিবালয়ের সচিব আবদুল রব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গিদের হামলায় দেশি-বিদেশি ২০ জন নিহত হন। একই ঘটনায় জঙ্গিদের হামলায় দুজন পুলিশ কর্মকর্তা নিহত হন। ঈদের দিন শোলাকিয়ায় জঙ্গি হামলায় দুই পুলিশ ও এক গৃহবধূ নিহত হন।
বর্তমানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতি ছয় মাস অন্তর কর্মকর্তা-কর্মচারীদের সম্পর্কে নতুন করে তথ্য সংগ্রহ করে তা হালনাগাদ করার নিয়ম চালু আছে। সংসদে এই নিয়ম চালু হলে সেখানে কর্মরত ১ হাজার ২০০ জনের মতো কর্মকর্তা-কর্মচারীর ব্যক্তিগত তথ্য যাচাই করে দেখা হবে।
জানতে চাইলে সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব আ ই ম গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, সাংসদদের আত্মীয়স্বজন ও ব্যক্তিগত কর্মচারীর পরিচয়ে অনেকেই সংসদ ভবনে আসা-যাওয়া করেন। তাঁদের অনেকেই রাতের বেলায় সাংসদদের ন্যাম ভবন ও এমপি হোস্টেলের বাসায় থাকেন। কিন্তু বর্তমানে দেশের যে পরিস্থিতি, তাতে এগুলো অনুমোদনযোগ্য নয়। নিরাপত্তায় যাতে কোনো ধরনের ফাঁক না থাকে, সে জন্য প্রতিবছর একবার করে কর্মকর্তা-কর্মচারীদের তথ্য হালনাগাদ করা হবে।
নিরাপত্তাসম্পর্কিত এই বৈঠকের সিদ্ধান্তে বলা হয়েছে, বর্তমানে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের গাড়ি যে পথে সংসদ ভবনে প্রবেশ করে, তা অফিস সময়ের এক ঘণ্টা পর বন্ধ করে দেওয়া হবে। এ সময়ের পর কোনো মন্ত্রী সংসদে আসা-যাওয়া করলে তাঁদের নিয়মিত ফটক ব্যবহার করতে হবে। সংসদ এলাকায় বসবাসকারী কর্মকর্তা-কর্মচারীদের আত্মীয়স্বজনের জন্য এলাকা পাস সরবরাহ করা হবে। সংসদ এলাকার কোনো বাসা বাইরের কোনো লোকের কাছে ভাড়া দেওয়া যাবে না।
সিদ্ধান্তে আরও বলা হয়েছে, সংসদ এলাকা দিয়ে নিয়মিত যাতায়াত করা প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িগুলোর নম্বর প্রধান নিরাপত্তা কর্মকর্তার শাখায় পাঠাতে হবে। বৈঠকে সংসদ ভবন এলাকায় পুলিশ বাহিনীর নিয়োগ ন্যূনতম এক বছর করা এবং জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা ও সংসদ কক্ষের চাবি সংগ্রহের জন্য সংসদ সচিবালয়কে অধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সংসদ এলাকার কবরস্থান ও খেজুরবাগান এলাকার জঙ্গল কেটে পরিষ্কার করা হবে এবং মণিপুরীপাড়া, মানিক মিয়া অ্যাভিনিউ ও আসাদ গেটসংলগ্ন ফটকে আর্চওয়ে মেশিন ও ব্যাগ স্ক্যানার বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসব সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গতকাল ডেপুটি স্পিকার নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে সংসদ এলাকা ঘুরে দেখেন এবং সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।