
পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের মামলায় দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদের শুনানি শেষে এ আদেশ দেন।
দুই আসামি হলেন এহতেশামুল হক ওরফে ভোলা (অস্ত্র সরবরাহকারী) ও তাঁর সহযোগী মো. মনির। ভোলার বিরুদ্ধে চট্টগ্রামের বাকলিয়া ও চান্দগাঁও থানায় হত্যা ও অস্ত্র আইনে ১৬টি মামলা রয়েছে। তিনি বাকলিয়া থানার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, মাহমুদা হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের পর গত ২৮ জুন ভোলা ও মনিরের বিরুদ্ধে অস্ত্র মামলা করা হয়। হত্যা মামলার আসামিও ভোলা। অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মহিম উদ্দিন আসামিদের জিজ্ঞাসাবাদ করতে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। আদালত ১০ জুলাই (গতকাল) শুনানির দিন ধার্য করেন। গতকাল শুনানিকালে আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
গত ২৭ জুন রাতে বাকলিয়া এলাকা থেকে ভোলাকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার রিকশাচালক মনির হোসেনকে পরদিন ভোরে গ্রেপ্তার করা হয়। মনিরের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও ছয়টি গুলি উদ্ধার করা হয়। এর মধ্যে পিস্তলটি মাহমুদা হত্যায় ব্যবহৃত হয়েছে। হত্যার আগে মুছাসহ (মাহমুদা হত্যার পরিকল্পনাকারী) অন্য আসামিরা অস্ত্রগুলো ভোলার কাছ থেকে সংগ্রহ করেন। হত্যাকাণ্ড শেষে অস্ত্র আবার ভোলাকে ফিরিয়ে দেওয়া হয় বলে জানায় পুলিশ।
অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা বাকলিয়া থানার এসআই মহিম উদ্দিন বলেন, কার নির্দেশে ও কেন মুছাকে অস্ত্র সরবরাহ করেছিলেন ভোলা, তা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।
গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা। হত্যাকাণ্ডের ২১ দিন পর ২৬ জুন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, মাহমুদা হত্যাকাণ্ডে মুছাসহ (পুলিশের সোর্স) সাত-আটজন অংশ নেন। হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি ওয়াসিম ও আনোয়ার ২৬ জুন চট্টগ্রাম আদালতে জবানবন্দি দেন। এতে তাঁরা উল্লেখ করেন, হত্যাকাণ্ডে ওয়াসিম, আনোয়ার, মো. রাশেদ, নবী, মো. শাহজাহান, কামরুল সিকদার ওরফে মুছা ও মো. কালু অংশ নেন।
নবী ও রাশেদ ৫ জুলাই পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। আর মুছাকে ২২ জুন বন্দর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে দাবি করে আসছেন তাঁর স্ত্রী পান্না আক্তার। অবশ্য পুলিশ বলছে, মুছাকে গ্রেপ্তার করা হয়নি।