সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অংশগ্রহণকারী আটজন অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ।এঁদের মধ্যে গত সোমবার রাতে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্রধারী গোলাম রহমান চৌধুরীও রয়েছেন। ওই ঘটনায় গত মঙ্গলবার রাতে গোলাম রহমানসহ আটজনের বিরুদ্ধে শাহ পরান থানার উপপরিদর্শক (এসআই) এম এ আউয়াল বাদী হয়ে মামলা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, প্রাথমিকভাবে আটজন অস্ত্রধারীর নাম-ঠিকানা পাওয়া গেছে। এঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তাঁদের গ্রেপ্তার করতে গতকাল বুধবার সকাল থেকে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।পুলিশ সূত্র জানায়, গত রোববার এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিনিময়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় গত সোমবার রাতে পুলিশ গোলাম রহমানকে আটক করে।কিন্তু তাঁর সঙ্গে থাকা ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে ছিনিয়ে নিয়ে যান। এরপর রাতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। কিন্তু তাঁকে ধরতে না পেরে মঙ্গলবার রাতে মামলা করে পুলিশ।মামলায় গোলাম রহমান ছাড়াও মেজরটিলার আবদুল হান্নান, টিলাগড়ের কনক, আকাশ, দেলোয়ার, মানিক, কানন ও আবু তাহেরকে আসামি করা হয়। এমসি কলেজে সংঘর্ষে আটজনই অস্ত্র হাতে ছিল বলে পুলিশ শনাক্ত করেছে।