অস্ত্রধারী যুবক শনাক্ত হয়নি
মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনের দিন যে যুবক আগ্নেয়াস্ত্র হাতে গুলি চালিয়েছিলেন, তাঁকে শনাক্ত করতে পারেনি পুলিশ। অস্ত্র হাতে যুবকের ছবি গতকাল বৃহস্পতিবার বিভিন্ন পত্রিকায় ছাপা হয়।
পুলিশের গোয়েন্দা বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ওই যুবককে শনাক্ত করার কাজ চলছে। পাশাপাশি ঘটনার তদন্তও চলছে। তিনি এ-ও বলেন, ওই যুবককে এর আগে মুন্সিগঞ্জে দেখা যায়নি। কেউ দেখেছে এমন বলতেও পারে না। বহিরাগত বলে সন্দেহ করা হচ্ছে। পাশের জেলা নারায়ণগঞ্জ থেকে ভাড়ায় আনা হয়ে হয়েছে কি না, সেই বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ।
স্থানীয় একাধিক সূত্র জানায়, বুধবার ভোটের দিন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ ফয়সাল ও কাউন্সিলর প্রার্থী মকবুল হোসেনের সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয়। তখন ওই যুবককে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। সংঘর্ষের সময় ওই যুবক ছাড়াও ১০-১২ জনের হাতে অস্ত্র ছিল।
পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন, এখনো অস্ত্রধারী যুবককে শনাক্ত করা সম্ভব হয়নি। তঁার ছবি জেলার বিভিন্ন থানায় পাঠানো হয়েছে।