অস্ত্রধারী যেই হোক সরকারের উচিত তাকে গ্রেপ্তার করা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘অস্ত্রধারী যেই হোক না কেন, সরকারের উচিত তাকে গ্রেপ্তার করা। কুমিল্লায় যুবদলের সম্মেলনে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে প্রতিপক্ষকে তাড়া করার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ কথা বলেন। তিনি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তির দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন।গতকাল মঙ্গলবার বিকেলে বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করে জামায়াত। এতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।লিখিত বক্তব্যে আজহারুল ইসলাম বলেন, সাঈদীকে তিন মাসের বেশি সময় ধরে গ্রেপ্তার করে রাখা হলেও আজ পর্যন্ত তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ গঠন করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁকে বারবার হাজির করা হলেও আজ পর্যন্ত তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কোনো প্রমাণ কেউ আদালতে পেশ করতে পারেনি। এখন তাঁর বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ বানানোর উদ্দেশ্যে তাঁকে আদালতে হাজির না করে অযথা কালক্ষেপণ করা হচ্ছে।এক প্রশ্নের জবাবে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, ‘ওনার (সাঈদী) এমন কোনো রোগ নাই যে তিনি আদালতে আসতে পারবেন না। এর চেয়ে অসুস্থ অবস্থায় তাঁকে রিমান্ডে আনা হয়েছিল।’জামায়াতের এই নেতা বলেন, সরকার যে আইনের অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে, সে আইন নিজেরাই লঙ্ঘন করছে। জামায়াতের নেতাদের বিরুদ্ধে সরকারের বাছাই করা লোকদের দিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে ও অপপ্রচার চালিয়ে তাঁদের চরিত্র হনন করা হচ্ছে। সরকারের এসব কর্মকাণ্ডের প্রতিবাদে তিনি কাল বৃহস্পতিবার দেশের সব মহানগর ও জেলা সদরে সভা-সমাবেশ এবং পরের দিন শুক্রবার সব উপজেলায় সভা-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।