চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে গত বুধবার জাতীয়তাবাদী যুবদলের বিভাগীয় সমাবেশে সংঘর্ষের সময় পিস্তল হাতে প্রতিপক্ষকে ধাওয়াকারী যুবককে শনাক্ত করেছে পুলিশ। ওই দিন সাদাকালো চেক শার্ট পরে থাকা ওই যুবকের নাম আরাফাত (২৯)। তিনি যুবদলের ক্যাডার সুমন ওরফে গাই সুমনের সঙ্গে সমাবেশে আসেন বলে জানা গেছে। ছবিতে আরাফাতের সামনে সুমনকেও (হলুদ গেঞ্জি, মাথায় কালো টুপি) দেখা যায়।পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, পুলিশ নিশ্চিত হয়েছে আরাফাত, সুমন ও সেলিম ওরফে ট্যাক্সি সেলিমসহ কয়েকজন ছোট আগ্নেয়াস্ত্র ও ছোরা নিয়ে সমাবেশে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। অস্ত্র হাতে তাদের তৎপরতার একটি ছবিও পুলিশ পেয়েছে।জানা গেছে, আরাফাত ও সুমনের বাসা এনায়েত বাজারের গোয়ালাপাড়ায়। তাঁদের গ্রেপ্তারের জন্য গত বুধবার রাতে গোয়ালপাড়ার বাসায় এবং আরও কয়েকটি স্থানে পুলিশ তল্লাশি চালায়। তবে তাঁদের পায়নি।চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘যুবদলের সমাবেশে অস্ত্র ও ছোরা বহনকারীদের শনাক্ত করার পর তাদের গ্রেপ্তারের জন্য আমরা অভিযান শুরু করেছি।’মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার আবুল হাছান চৌধুরী বলেন, ‘সমাবেশে সংঘর্ষের সময় ধারণ করা ভিডিও ফুটেজ থেকে আমরা অস্ত্রধারীদের শনাক্ত করেছি।’যুবদলের সূত্র জানায়, প্রতিপক্ষের হামলায় সমাবেশ পণ্ড হতে পারে, এমন আশঙ্কা থেকে নগর যুবদলের সভাপতি আবুল হাশেম বক্করের পক্ষ নিয়ে আরাফাত, সেলিম, সুমনসহ কিছু যুবক লালদীঘির সমাবেশে যান। তাঁদের আশঙ্কা ছিল, নগর যুবদলের সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেনের সমর্থকেরা সমাবেশ পণ্ড করতে পারেন। মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, বক্করের হয়ে অস্ত্রধারী সুমন-সেলিমরা সমাবেশ পণ্ড করতে মারামারির ঘটনা ঘটায়। পুলিশের উচিত এদের গ্রেপ্তার করা।আবুল হাশেম বক্কর প্রথম আলোকে বলেন, ‘সুমন আমার কর্মী, সেটা ঠিক আছে। তবে সে মারামারি করতে নয়, মারামারি থামাতে গেছে। আরাফাতকে আমি চিনি না।’