অস্ত্রধারী সন্ত্রাসী পাশা দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় অস্ত্রধারী সন্ত্রাসী সাইদুজ্জামান পাশাকে দুই দিনের রিমান্ডে নিয়েছে শাহবাগ থানার পুলিশ। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম দিলারা আলো এ আদেশ দেন।গত ২৮ জানুয়ারি রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে সাইদুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় তখনই তাঁকে তিন দিনের রিমান্ডে নেয় কদমতলী থানার পুলিশ। রিমান্ড শেষে গতকাল তাঁকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে উপপরিদর্শক (এসআই) আবদুল কাইউম শাহবাগ থানার মামলায় পাশাকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।এই আবেদন শুনানিকালে পুলিশের উপপরিদর্শক রতন শেখ আদালতকে বলেন, গত ১৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠিত সন্ত্রাসী ঘটনার সঙ্গে সাইদুজ্জামান পাশা জড়িত। তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর নেতৃত্বে প্রতিপক্ষের ওপর হামলা করে ক্যাম্পাস দখলের চেষ্টা করেন। প্রতিবেদনে আরও বলা হয়, এ সময় আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসামিদের নিবৃত্ত করতে গিয়ে আহত হন।ওই দিন কাদের সহায়তায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব বহিরাগত সন্ত্রাসী প্রবেশ করে এবং আসামি সাইদুজ্জামানের হাতে থাকা অস্ত্রের উত্স ও তাঁর অন্য সহযোগীদের বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে এই মামলা করেন। মামলায় মারধর ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।