অস্ত্রধারী সেই দুই নেতা জামিন পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তানে ফুটপাতের দোকান উচ্ছেদের সময় অবৈধ অস্ত্র দিয়ে গুলি ছোড়ার ঘটনায় মামলা থেকে ছাত্রলীগের সেই দুই নেতা জামিন পেয়েছেন। ১৭ নভেম্বর তাঁরা সশরীরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। মহানগর হাকিম খুরশীদ আলম তাঁদের জামিন মঞ্জুর করেন।

এই দুজন হলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আশিকুর রহমান। পাঁচ দিন আগে তাঁরা জামিন পেলেও গতকাল মঙ্গলবার তা জানাজানি হয়। অবশ্য জামিন পাওয়ার দুই দিন আগে এই মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) এমরানুল ইসলাম প্রথম আলোকে বলেছিলেন, দুই আসামির মধ্যে সাব্বির হোসেন ভারতে পালিয়েছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। আশিকুর রহমান পলাতক।

গতকাল এসআই এমরানুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাব্বির ও আশিকুর জামিন পেয়েছেন এমন কাগজপত্র আদালত থেকে ১৮ নভেম্বর শাহবাগ থানায় পাঠানো হয়েছে। পুলিশের কাছে তথ্য ছিল, সাব্বির ভারতে পালিয়েছেন। হয়তো জামিনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি দেশে ফিরে আদালতে হাজির হন।