অস্ত্রধারী হান্নান দুই দিনের রিমান্ডে
সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে সশস্ত্র মহড়া দেওয়া ছাত্রলীগের ক্যাডার আবদুল হান্নানকে দুই দিনের রিমান্ডে নেওয়া হচ্ছে। গত রোববার সিলেটের অতিরিক্ত মহানগর বিচারিক হাকিম উম্মে সরাবন তহুরা এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহানগর পুলিশের শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) শহিদুর রহমান জানান, আজ মঙ্গলবার হান্নানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
পুলিশ জানায়, গত ৭ মার্চ এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনায় এক পক্ষের কর্মী রুবেল আহমদের কারা মামলার আসামি হান্নান। এ মামলা ছাড়াও তাঁর বিরুদ্ধে ২০১৩ সালের ১৯ মে এমসি কলেজ ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় অস্ত্র আইনে একটি ও গত ১৭ জানুয়ারি টিলাগড়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় আরেকটি মামলা হয়।
২০১৩ সালের ১৯ মে এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র হাতে হান্নানের ছবি ২০ মে প্রথম আলোয় ছাপা হয়। দুই বছর পর গত ৭ মার্চ তাঁকে একই ভূমিকায় দেখা গেলে ৮ মার্চ প্রথম আলোয় ‘আবার সেই হান্নান, এবার আগ্নেয়াস্ত্র অন্যের হাতে’ শিরোনামে আরেকটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, রিমান্ডে নিয়ে হান্নানকে সশস্ত্র মহড়া দেওয়া ও অস্ত্রের উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। হান্নান ২০ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়।