অস্ত্রধারীদের গ্রেপ্তারে পুলিশের গা ছাড়া ভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অস্ত্রধারীদের গ্রেপ্তারে পুলিশ গা ছাড়া ভাব দেখাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর এক সপ্তাহ অতিবাহিত হলেও গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত পুলিশ একজন অস্ত্রধারীকেও গ্রেপ্তার করতে পারেনি।আওয়ামী লীগের নেতারা ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের মধ্যে ‘সমঝোতা’ করে দিয়েছেন। পাশাপাশি তাঁরা অস্ত্রধারীদের গ্রেপ্তার না করতে পুলিশকে প্রভাবিত করছেন বলে অভিযোগ উঠেছে।সিলেটের এমসি কলেজে ১৯ মে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিরন মাহমুদ ও বরখাস্ত হওয়া সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থ পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র প্রদর্শন করে। সংবাদপত্রে অবৈধ অস্ত্রধারীদের ছবি ছাপা হয়। পরদিন রাতে পুলিশ এমসি কলেজের পাশের টিলাগড় মোড় থেকে গোলাম রহমান চৌধুরী ওরফে রাজনকে আটক করে। বিন্তু ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনার পর সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) এম এ আউয়াল বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় গোলাম রহমানসহ আটজনকে আসামি করা হয়। এই আটজনকেই ১৯ মে সংঘর্ষ চলাকালে অবৈধ অস্ত্রধারী হিসেবে শনাক্ত করে গ্রেপ্তারে নামে পুলিশ। পাশাপাশি আটজনের ছবি ও তালিকা নিয়ে এমসি কলেজের আশপাশ এলাকায় অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কয়েকটি দল। এ অভিযান চলাকালে আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তিরা ২৩ মে ছাত্রলীগের বিবদমান দুই পক্ষকে ডেকে ‘সমঝোতা’ করে দেন। এরপর অস্ত্রধারীদের গ্রেপ্তারে পুলিশের গা-ছাড়া ভাব দেখা যায়। আওয়ামী লীগের ওই সভায় অংশ নেওয়া একাধিক নেতা জানান, ছাত্রলীগের দুই পক্ষের সন্ত্রাসী তৎপরতা চলমান সিটি করপোরেশন নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে—এ আশঙ্কা নিয়ে আওয়ামী লীগ ওই সভা করে। সভায় ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের নেতা এবং দুই পক্ষকে নিয়ন্ত্রণকারী আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। সভায় দলটির নেতারা ছাত্রলীগের দুই পক্ষকে কোনো অছাত্রকে এমসি কলেজে নিয়ে যেতে নিষেধ করেন। পাশাপাশি অস্ত্রধারীদের কিছুদিন গা-ঢাকা দিয়ে থাকতে বলা হয়।এ ব্যাপারে গতকাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ওই সভায় তাদের (ছাত্রলীগ) বিবাদ থেকে সরে আসতে কঠোরভাবে বলা হয়েছিল। বহিরাগতদের নিয়ে কলেজ ক্যাম্পাসে যেতে কড়াভাবে নিষেধ করা হয়েছে। এসব করা হয়েছে রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে। এ ছাড়া অবৈধ অস্ত্রধারীদের ব্যাপারে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকতে বলা হয়েছে।’রাজনৈতিকভাবে প্রভাবিত করা হচ্ছে না জানিয়ে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, ‘পুলিশ অস্ত্রধারীদের গ্রেপ্তারের চেষ্টায় রয়েছে। সাদা পোশাকে পুলিশের দুটি দল সম্ভাব্য জায়গায় নজর রাখছে। এমনকি সিলেটের বাইরেও খোঁজ নেওয়া হচ্ছে।’